বাংলা হান্ট ডেস্ক : কলকাতা পুলিশের (Kolkata Police) একাধিক পদে নিয়োগের দরজা খুলেছে। পুলিশ বাহিনীর বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা মোট ৫,৮৯৩টি পদে কর্মী নিয়োগের বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা পুলিশে (Kolkata Police) বিরাট নিয়োগ
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর এই নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনারের তরফে নতুন পদে কর্মী নেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল গত বছরের ১৫ সেপ্টেম্বর। শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে প্রয়োজনীয় কর্মী নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রস্তাবটি অর্থ দফতরের অনুমোদন পাওয়ার পর রাজ্য মন্ত্রিসভার কাছেও ছাড়পত্র পায়। এরপরই নিয়োগের বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক সম্মতি দেওয়া হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সার্জেন্ট পদে ৬৪৮ জন এবং সাব-ইনস্পেক্টর বা SI পদে ৪২৫ জনকে নিয়োগ করা হবে। মহিলা SI পদ রয়েছে ৭০টি । অন্যদিকে, কনস্টেবল পদে নিয়োগের সংখ্যা সবচেয়ে বেশি। এই বিভাগে মোট ৪,৩১৯টি পদে কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ৪৩০টি পদ মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। অর্থাৎ, পুরুষদের পাশাপাশি মহিলা চাকরিপ্রার্থীদের জন্যও কলকাতা পুলিশে কাজের সুযোগ থাকছে।

আরও পড়ুন : দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বড় বদল CBSE-র! বাদ পড়ছে এই বিষয়, এবার থেকে কী কী পড়তে হবে?
নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগের গতি বাড়াতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে বর্তমান প্রশাসন। বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণের পাশাপাশি নতুন নিয়োগের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। চলতি অর্থবর্ষের মধ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণের কথাও জানিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের দাবি, অতীতে নানা কারণে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলিকে ফের চালু করার চেষ্টা চলছে।












