বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শনিবার ও রবিবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শহর কলকাতায় (Kolkata) কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ প্রশাসন। এদিন বিকেল থেকে শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ (Kolkata Traffic Restriction) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতার কোন কোন রাস্তায় যান চলাচল বন্ধ? | (Kolkata Traffic Restriction)
শুক্রবার রাতে কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে নতুন ট্রাফিক নির্দেশিকা সম্বন্ধে জনগণকে অবগত করা হয়েছে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, এদিন বিকেল ৩:৩০ থেকে শুরু করে রাত ১০টা অবধি কলকাতা পুলিশের এক্তিয়ারভুক্ত সব এলাকায় পণ্যবাহী বা সাধারণ মালবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে।
আরও পড়ুনঃ সই জাল কাণ্ডে নয়া মোড়! CID-কে ‘সেই’ রেজোলিউশনের কপি তুলে দিলেন শোভনদেব
তবে সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে দুধ, ওষুধ, অক্সিজেন, রান্নার গ্যাসের সিলিন্ডার সহ কিছু অতি প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী গাড়িকে সংশ্লিষ্ট বিধিনিষেধের মধ্যে রাখা হয়নি। এগুলি ছাড়া বাকি সকল মালবাহী গাড়ি বিকল্প পথে যাতায়াত করবে। এই গাড়িগুলিকে ১১ ফারলং গেট থেকে ঘুরিয়ে কেপি রোড> জে অ্যান্ড এন আইল্যান্ড> ডাফরিন রোড> মেয়ো রোড> নেতাজি মূর্তি> আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ দ্বারের দিকে পাঠানো হবে।
এদিন রাত ১২টা থেকে শুরু করে আগামীকাল বেলা ১২টা অবধি মালবাহী গাড়ির উপর এই ধরনের কঠোর নিয়ন্ত্রণ থাকবে। তবে এই সময়কালে পরিস্থিতির দিকে নজর রেখে সাধারণ যাত্রীবাহী অন্যান্য গাড়িগুলির ক্ষেত্রে কিছু তাৎক্ষনিক বিধিনিষেধ লাগু করা হতে পারে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রুটে যাতায়াত করবেন ও অনুষ্ঠানস্থলের আশেপাশে পার্কিং ব্যবস্থা ও গাড়ি রাখার জায়গার উপর কড়া নিয়ন্ত্রণ ও নজরদারি চালানো হবে।

এছাড়া আজ বিকেল ৫টা থেকে আগামীকাল বেলা ১২টা অবধি শহর কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা সাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়কালে গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে শুরু করে পুরনো কোর্ট হাউস স্ট্রিট ও বিবাদি বাগ দক্ষিণ ক্রসিং অবধি বিস্তৃত সড়ক উভয় দিকে পুরো অবরুদ্ধ থাকবে। ছোট-বড় কোনও রকম যানবাহন চলাচল করবে না।
এদিকে আজ প্রথমে হুগলির তারকেশ্বরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন পিএম মোদী। এরপর বিকেলে কলকাতায় আসার কথা। আজ রাজভবনে রাত্রিযাপনের পর আগামীকাল ভোরে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই দু’দিনের সফর ঘিরেই শহর কলকাতায় কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
















