বাংলা হান্ট ডেস্কঃ আজকের দিনে মহিলাদের স্বনির্ভর হওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। পরিবারের পাশে দাঁড়ানো হোক বা নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করা। আর্থিক স্বাধীনতা একজন মহিলাকে আত্মবিশ্বাসী করে তোলে। শহর হোক বা গ্রাম, বহু মহিলা এখন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ খুঁজছেন। ঠিক এই সময়েই মহিলাদের জন্য নতুন একটি সুযোগ নিয়ে এসেছে এলআইসি। ‘বিমা সখী যোজনা’ (Bima Sakhi Yojana) নামে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের সময় থেকেই আয়ের ব্যবস্থাও করা হয়েছে।
বিমা সখী যোজনা (Bima Sakhi Yojana) কী?
মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এই ‘বিমা সখী যোজনা’ চালু করেছে এলআইসি। এই প্রকল্পে নির্বাচিত মহিলাদের এলআইসি এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালীন সময় থেকেই আয় করার সুযোগ তৈরি হয়।
প্রশিক্ষণ নেওয়া মহিলাদের প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বছরে মাসিক ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৫,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। এই প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরে যদি কোনও মহিলা পূর্ণ-সময়ের এলআইসি এজেন্ট হিসেবে কাজ শুরু করেন, তাহলে তিনি কমিশন ভিত্তিতে অতিরিক্ত আয় করতে পারবেন।
এলআইসি এমনভাবে এই প্রকল্পটি (Bima Sakhi Yojana) তৈরি করেছে যাতে গ্রাম থেকে শহর, সব জায়গার মহিলারা সহজেই এর সুবিধা নিতে পারেন। এই প্রকল্পে আবেদন করার জন্য বড় কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র দশম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। তবে যারা ইতিমধ্যেই এলআইসি-র কর্মী বা এজেন্ট হিসেবে কাজ করছেন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
আবেদনের পদ্ধতি
আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইন, দুইভাবেই। অফলাইনে আবেদন করতে চাইলে নিজের বাড়ির কাছের এলআইসি শাখায় যোগাযোগ করতে হবে। অন্যদিকে অনলাইনে আবেদন করতে চাইলে এলআইসি-র ওয়েবসাইট (https://licindia.in/test2 এ লগ ইন করতে হবে। সেখানে হোমপেজে ‘বিমা সখী’ যোজনার অপশনে ক্লিক করলে একটি ফর্ম খুলবে। সেই ফর্মে সঠিক তথ্য পূরণ করতে হবে। সঙ্গে দশম শ্রেণির সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে। সব তথ্য দেওয়ার পরে ক্যাপচা কোড পূরণ করে ফর্মটি সাবমিট করতে হবে।

আরও পড়ুনঃ কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে! বাংলা শস্য বিমার তালিকায় আপনার নাম আছে কি? কীভাবে দেখবেন জানুন…
এইভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলেই ‘বিমা সখী যোজনা’র (Bima Sakhi Yojana) মাধ্যমে এলআইসি এজেন্ট হওয়ার প্রশিক্ষণের সুযোগ পাওয়া যেতে পারে।












