বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনে একতরফা জয় পেল বিজেপি নেতৃত্বাধীন জোট ‘মহাজুটি’ (Mahayuti)। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, রাজ্যের বেশিরভাগ গ্রামীণ স্থানীয় সংস্থাই এখন মহাজুটির দখলে। মহারাষ্ট্র নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ৭৩১টি জেলা পরিষদের আসনের মধ্যে ৫৫২টি আসন দখল করেছে মহাজুটি। অন্যদিকে, হাজারের বেশি পঞ্চায়েত সমিতিতেও বিপুল জয় পেয়েছে এই জোট।
বিজেপি একাই জিতেছে ২২৫টি আসনে (Mahayuti)
দলভিত্তিক ফলাফলে দেখা গিয়েছে, জেলা পরিষদের ৫৫২টি জয়ী আসনের মধ্যে বিজেপি একাই জিতেছে ২২৫টি আসনে। অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি পেয়েছে ১৬৫টি আসন এবং একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে ১৬২টি আসন। অন্যদিকে বিরোধী জোট মহাবিকাশ অঘাঢ়ীর ফলাফল একেবারেই হতাশাজনক। কংগ্রেস পেয়েছে মাত্র ৫৫টি আসন। শরদ পওয়ারের এনসিপি পেয়েছে ২৬টি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা পেয়েছে ৪৩টি আসন। রাজ ঠাকরের দল এমএনএস লাতুর ও রত্নগিরির জেলা পরিষদে একটি করে আসনে জয় পেয়েছে। এছাড়া ২০টি আসনে জয় পেয়েছেন নির্দল প্রার্থীরা।
পঞ্চায়েত সমিতির ফলাফলেও একই ছবি ধরা পড়েছে। মোট ১২৫টি পঞ্চায়েত সমিতির ১,৪৬২ আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪৫৯টি আসনে। শিন্ডে গোষ্ঠীর শিবসেনা পেয়েছে ৩০২টি এবং অজিত পওয়ারের এনসিপি জিতেছে ৩০৬টি আসনে। কংগ্রেস পেয়েছে ৯৭টি আসন। অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা জিতেছে ৮৯টি এবং শরদ পওয়ারের এনসিপি পেয়েছে মাত্র ৪৬টি আসন। এমএনএস পেয়েছে মাত্র দু’টি আসন এবং ৩১টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।
সোমবার সকাল ১০টা থেকে ভোটগণনা শুরু হয়। সূত্রের খবর, রাত ১০টার পরেও খারাড় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের ফলাফল ঘোষণা বাকি ছিল। তাই চূড়ান্ত সংখ্যায় সামান্য হেরফের হতে পারে বলে জানা গিয়েছে। এই বিপুল জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স (টুইটার) পোস্টে তিনি মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আবার বিজেপি এবং মহাজুটিকে (Mahayuti) আশীর্বাদ করেছে মহারাষ্ট্র। পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনের জয়ের ধারা বজায় রইল জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির ভোটেও।”

আরও পড়ুনঃ ‘রিপোর্ট দিন’, জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছিল মহাজুটি (Mahayuti)। সব মিলিয়ে বলা যায়, মহারাষ্ট্রের গ্রামীণ রাজনীতিতেও নিজেদের শক্ত অবস্থান আরও একবার প্রমাণ করল বিজেপি নেতৃত্বাধীন জোট।












