বাংলা হান্ট ডেস্কঃ দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে ফের ডিম হামলার মুখে পড়লেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বুধবার নদিয়ার তেহট্ট থানার নাটনায় দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে তীব্র বিক্ষোভ ও বাধার মুখে পড়েন তিনি। এরপর এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে (Justice Dipankar Datta) ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তকে ধন্যবাদ। আপনার কথা মতো আমি বুলেটের মতো ডিম খেয়েছি। আপনাকে ধন্যবাদ জানাই।“
ফের ‘ডিম থেরাপি’র শিকার মহুয়া | (Mahua Moitra)
তৃণমূল সাংসদের দাবি, এটা কোনও জনরোষ নয়। বিজেপির লোকজনই এই হামলা চালিয়েছে। এদিন তাঁর কর্মসূচিস্থলে এসে পদ্ম শিবিরের মণ্ডল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি সহ ৭ থেকে ১০ জন তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে থাকেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ১৫ হাজার থেকে একলাফে ২৫ হাজার! বেসরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের
ভিডিওবার্তায় মহুয়া বলেন, “আদালতের নির্দেশ মতো আমার সঙ্গে চারজন পুলিশ কর্মী ছিলেন। হামলার সময় আরও পুলিশকর্মী এসে আমাকেই গাড়িতে তোলার চেষ্টা করছিলেন। পশ্চিমবঙ্গে এখন এটাই চলছে! হাইকোর্ট স্পষ্ট বলেছে এমন হওয়া উচিত নয়। কিন্তু তা সত্ত্বেও…।“
নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে তৃণমূল সাংসদ ক্যাপশনে লেখেন, “মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তকে ধন্যবাদ জানাই। আমি পুলিশকে জানিয়ে নিজের নির্বাচনী এলাকায় একটি বৈঠকে গিয়েছিলাম। আর বিজেপি কর্মীরা তাঁদের সাহায্য নিয়ে আমার উপর ডিম বর্ষণ করল। আপনার পরামর্শ মেনে একজন স্বাধীনতা সংগ্রামী যেভাবে বুলেটের সম্মুখীন হন, ঠিক সেভাবেই আমি ডিমের মুখোমুখি হয়েছি।“

প্রসঙ্গত, গত অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। একটি মামলার প্রেক্ষিতে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হলে কালীগঞ্জে ডিম হামলার প্রসঙ্গ টেনে তিনি আদালতে বলেন, ফের এই ধরণের ঘটনা ঘটতে পারে। সেই কারণে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানায় হাজিরা দিতে চান।
সেই মামলা খারিজ করে বিচারপতি দত্ত বলেন, “স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন। আর আপনি এই মামলা নিয়ে আদালতে আসছেন?” আজ ফের ডিম হামলার মুখে পড়তেই ওই মন্তব্য নিয়ে খোঁচা দিলেন মহুয়া।













