‘আমরা ২২৬ ক্রস করব, ২৩০-ও পেয়ে যেতে পারি’, ভোটপর্বের পর মুখ খুললেন মমতা, দিলেন বিরাট বার্তা

Published on:

Published on:

mamata banerjee(21)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে শেষ দু’দফায় নির্বাচন। মোটের উপর রাজ্যে শান্তিপূর্ণ হয়েছে এবারের ভোট। আপাতত জনতার রায় ইভিএম বন্দি। ৪মে ফলাফল ঘোষণা। বাংলার মসনদ নিজের কাছে রাখবে তৃণমূল (Trinamool Congress) নাকি আসবে বিজেপি (BJP)? এই নিয়ে চর্চা চলছে। যদিও নিজেদেই প্রত্যাবর্তন নিয়ে একশো শতাংশ নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৬ তারিখ চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন এবং তৃণমূল সরকার আসতে চলছে বলে এক ভিডিও বার্তায় জানালেন মমতা।

তৃণমূলের জয় নিয়ে প্রত্যয়ী মমতা | Mamata Banerjee

২৯৪টি আসনে বাংলায় দু’দফার নির্বাচনের পর একাধিক সংস্থার সমীক্ষা সামনে আসতে শুরু করেছে। চমক দিয়ে বেশিরভাগ সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখছে। অধিকাংশ বুথফেরত সমীক্ষা দেখিয়েছে, বিজেপি ১৫০ পেরিয়ে গিয়েছে। কিছু সমীক্ষায় যদিও তৃণমূলের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে। যদিও মমতার দাবি, এসব সমীক্ষা বিজেপি টাকা দিয়ে করিয়েছে।

এদিন জোর গলায় মমতা বলেন, ২০০-র বেশি আসন নিয়ে তাঁরা ক্ষমতায় ফিরছেন। বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে, গতকাল বেলা ১টা ৮ মিনিটে বিজেপির অফিস থেকে সেই সার্কুলার জারি করা হয়েছে। টাকা দিয়ে বলা হয়েছে ওটা দেখাতে। জোর করে সংবাদমাধ্যমকে এটা করতে বাধ্য করা হয়েছে। ২০২৬ এ আমরা ২২৬ ক্রস করব। ২৩০-ও পেয়ে যেতে পারি। মানুষ যে ভাবে ভোট দিয়েছেন, আমার পুরো ভরসা রয়েছে।’’

এদিন ভিডিয়োবার্তায় রাজ্যবাসী ও দলের কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘‘এত রোদের মধ্যেও, এত অত্যাচার সহ্য করেও আপনারা যে ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। আমার কর্মীদের কাছেও আমি কৃতজ্ঞ। ওঁরা প্রাণপণ লড়াই করেছে। অনেক অত্যাচার সহ্য করেছে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী এবং এখানকার পুলিশের বাহিনীর যৌথ অত্যাচার তৃণমূল কর্মীদের সহ্য করতে হয়েছে। যাঁরা বাংলাকে জব্দ করতে চেয়েছিলেন, তাঁরা ভোটবাক্সে জব্দ হয়ে গিয়েছে।’’

মমতা আরও বলেন, ” বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারল না। তাই সংবাদমাধ্যমকে দিয়ে ওরা শেষ খেলা খেলেছে। যাতে উল্টোপাল্টা বলে আমাদের কর্মীদের মনোবল নষ্ট করা যায়। ” মমতা বলেন, “আমার কাছে খবর আছে, শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে ওরা এটা করেছে।’’

 Mamata banerjee

আরও পড়ুন: তরকারিতে জিরে বেশি পড়ে স্বাদ নষ্ট? এই টিপসেই আবার হবে পারফেক্ট, জানুন ঘরোয়া টোটকা

কর্মীদের তৃণমূলনেত্রীর বার্তা,’ ‘‘গণনাকেন্দ্র পাহারা দিতে হবে। দরকারে আমিও আমার এলাকায় পাহারা দেব। প্রার্থীরা নিজে পাহারা দিন। রাত জাগুন। আমি যদি পারি, আপনারাও পারবেন।” মমতার নির্দেশ, “গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময় যন্ত্র বদলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাই এটা অবহেলা করবেন না।” যত ক্ষণ সাংবাদিক বৈঠক করে না-বলবেন তত ক্ষণ গণনার টেবিল ছাড়তে না বলেছেন মমতা।