বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ফলে তৃণমূল ক্ষমতা হারানোর পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। বিজেপি ২০৭ আসনে জিতে সরকার গঠনের পথে এগিয়ে গেলেও ফলাফল মেনে নিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কালীঘাটে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনওভাবেই পদত্যাগ করবেন না। পাশাপাশি আদালতে লড়াইয়ের ইঙ্গিতও দেন তৃণমূল নেত্রী। দলের ভিতরে অন্তর্ঘাত, ভোট পরবর্তী হিংসা এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াই, সব বিষয় নিয়েই এদিন গুরুত্বপূর্ণ বার্তা দেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?
বুধবার কালীঘাটে তৃণমূলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।” একই সঙ্গে নতুন সরকার শপথ নেওয়ার দিন দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশও দেন তিনি।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী এবারের নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। তৃণমূল ক্ষমতা হারালেও ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের পথেই হাঁটতে চাইছে দল। এদিন মমতা (Mamata Banerjee) জানান, প্রয়োজন হলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তাঁর কথায়, “আদালতে আমি, চন্দ্রিমা আবার প্র্যাকটিস করব। নানা মামলা আমরা সবাই আইনজীবী হিসেবে দেখব।”
এর আগেও এসআইআর মামলায় সাধারণ মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গও উঠে আসে বৈঠকে। এদিন দলের অন্দরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। ভোটে ভরাডুবির পিছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলে তিনি বলেন, “যে বা যারা অন্তর্ঘাত করছে তাদের নাম দিন।” মঙ্গলবারই সাংবাদিক বৈঠকে দলে ভাঙনের আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।
তবে কঠিন পরিস্থিতির মধ্যেও কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, “আমিও একসময় একা ছিলাম। ঘুরে দাঁড়িয়েছি। দলও ঘুরে দাঁড়াবে।”এদিকে ভোটের ফল প্রকাশের পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বিভিন্ন এলাকায় যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

আরও পড়ুনঃ সিঙ্গুর মামলায় ঘুরে গেল মোড়, ৭৬৬ কোটি দেওয়া নিয়ে রাজ্যকে বড় নির্দেশ হাই কোর্টের
এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট পরবর্তী হিংসার অভিযোগ যেখানে পুলিশ নিচ্ছে না, সেখানে অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হচ্ছে। আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। অভিষেক আরও বলেন, আগামী দিনে দল সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তিনি তাঁর পাশে থেকেই সংগঠনের দায়িত্ব পালন করবেন।













