বাংলা হান্ট ডেস্ক : ভোটের ফল ঘোষণার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত শাসকদল। আর মাত্র একদিন বাকি, তারপরই স্পষ্ট হয়ে যাবে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত চিত্র। এই পরিস্থিতিতে সংগঠনকে আরও মজবুত করতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে অনলাইন বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
কাউন্টিং এজেন্টদের কড়া নির্দেশ মমতার (Mamata Banerjee)
প্রায় দেড় ঘন্টার এই আলোচনায় দলীয় কর্মীদের উদ্দেশে একাধিক কৌশলগত নির্দেশ দেন নেত্রী। তিনি স্পষ্টভাবে জানান, গণনাকেন্দ্রে নির্ধারিত সময়ের অনেক আগেই দলবদ্ধভাবে পৌঁছনো অত্যন্ত জরুরি। পাশাপাশি ভোট গণনার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে, তাও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তিনি। গণনার সময় সতর্ক নজরদারির বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মমতা।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেসব বুথে বিজেপি কয়েকশো ভোটে এগিয়ে থাকবে, সেখানে বিলম্ব না করে পুনর্গণনার দাবি জানাতে হবে।
যদিও তৃণমূলের দাবি, তারা ২০০-র বেশি আসনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, তবুও কোনওভাবেই ঢিলেমি না করার নির্দেশ দিয়েছেন নেত্রী। এমনকি তিনি এও বলেন, ৪ মে তিনি নিজে সাংবাদিক বৈঠকে বক্তব্য না দেওয়া পর্যন্ত কোনও কাউন্টিং এজেন্ট যেন কেন্দ্র ছেড়ে বাইরে না যান।
এছাড়াও, যেসব গণনাকেন্দ্র শহরের বাইরে বা প্রত্যন্ত এলাকায় রয়েছে, সেখানে আগের দিনই পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। প্রার্থী এবং এজেন্টদের জন্য কাছাকাছি থাকার ব্যবস্থা করে নিতে বলা হয়েছে, যাতে ভোরবেলা কোনও অসুবিধা না হয়। যদিও সকাল ৮টা থেকে গণনা শুরু হবে, তবুও সকাল ৬টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভোটগণনার আগে সক্রিয় বিজেপি! রাজ্যজুড়ে স্ট্রংরুম ঘিরে অবস্থানে মহিলা ব্রিগেড
কাউন্টিং এজেন্টদের জন্য কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে ডায়েরি এবং পেন রাখতে বলা হয়েছে, যাতে ইভিএম খোলার পর প্রয়োজনীয় তথ্য তৎক্ষণাৎ নথিভুক্ত করা যায়। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই থাকার জায়গা ঠিক করে ফেলেছেন বলে জানা গিয়েছে। তাঁরা রবিবার রাতেই সেখানে পৌঁছে যাবেন। সবদিক থেকে প্রস্তুতি সেরে রেখে ফলপ্রকাশের দিন কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। শেষ মুহূর্ত পর্যন্ত সতর্কতা বজায় রেখে ভোটগণনার লড়াইয়ে নামার বার্তাই তুলে ধরেছেন দলের শীর্ষ নেতৃত্ব।













