মার্কিন বিদেশসচিবের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর! মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন রুবিয়ো

Published on:

Published on:

Marco Rubio invites Modi to the White House.
Follow

বাংলাহান্ট ডেস্ক: চার দিনের ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও (Marco Rubio)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে এই আমন্ত্রণ পৌঁছে দেন তিনি। শনিবার সকালে কলকাতায় পৌঁছনোর পর দুপুরেই দিল্লিতে যান রুবিও। রাজধানীতে পৌঁছেই সেবাতীর্থে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে এই গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর, বৈঠকে মূলত ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, শক্তি নিরাপত্তা এবং বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

মোদীর সঙ্গে সাক্ষাৎ করে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন রুবিয়ো (Marco Rubio)

বৈঠকের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী জানান, ভারত ও আমেরিকা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাবে। তিনি লেখেন, “মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে কথা হয়েছে। আমরা ভারত-আমেরিকার বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে।” প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। বিশেষ করে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের আবহে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথী’ ও ‘আয়ুষ্মান ভারত’ একসঙ্গে মিলবে কি? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনা ভারতের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে শক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। পাশাপাশি ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তিগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে খবর। যদিও বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনও নির্দিষ্ট চুক্তির কথা ঘোষণা করা হয়নি।

মোদী-রুবিও (Marco Rubio) বৈঠক নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি জানিয়েছেন, নিরাপত্তা, বাণিজ্য, প্রতিরক্ষা এবং অত্যাবশ্যকীয় প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁর মতে, এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং তাঁর ‘দূরদৃষ্টি’রও প্রশংসা করেন সার্জিও গোর। তিনি বলেন, ভারত ও আমেরিকার সম্পর্ক এখন শুধু কৌশলগত নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, শনিবার সকালে স্ত্রী জেনেট ডুসডেবেজ় রুবিয়োকে সঙ্গে নিয়ে কলকাতায় পৌঁছন মার্কো রুবিও। শহরে পা দিয়েই তিনি যান মাদার হাউসে। সেখানে প্রায় দু’ঘণ্টা সময় কাটান তিনি। মিশনারিজ় অফ চ্যারিটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি নির্মলা শিশুভবনও পরিদর্শন করেন। কলকাতার ঐতিহ্য ও মানবিক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর বলে মনে করছে কূটনৈতিক মহল। সংক্ষিপ্ত সফর হলেও রুবিওর কলকাতা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Marco Rubio invites Modi to the White House.

আরও পড়ুন: কোটি কোটি টাকায় রাজ্যসভার টিকিট বিক্রি করেছে আপ! বিজেপিতে যোগ দিয়েই অভিযোগ হরভজনের

উল্লেখ্য, গত ১৪ বছরে এই প্রথম কোনও মার্কিন স্টেট সেক্রেটারি কলকাতা সফরে এলেন। এর আগে ২০১২ সালে তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন কলকাতা সফরে এসেছিলেন। তাই রুবিওর (Marco Rubio) এই সফর ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। আগামী ২৬ মে দিল্লিতে কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন তিনি। ফলে ভারত-আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ দিশা নির্ধারণে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।