বাংলা হান্ট ডেস্কঃ অভিনয়ের পাশাপাশি রাজনীতির দুনিয়ার পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এবার সেই ব্যক্তিত্বই শুভেন্দু অধিকারীর সরকারে গুরুদায়িত্ব পেলেন। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে তাঁকে নিয়োগ করা হল। মঙ্গলবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
মহাগুরুর কাঁধে এবার গুরুদায়িত্ব | (Mithun Chakraborty)
নবান্নের তরফে জারি করা ও মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সই থাকা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের নির্দেশ ও উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পর অবিলম্বে মিঠুনকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে নিয়োগ করা হচ্ছে। তাঁকে পূর্ণমন্ত্রীর সমতুল্য পদমর্যাদা দেওয়া হবে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা বদলে গেল বার্ধক্য ভাতায়! ৩ হাজার কমে দেড় হাজার হতেই বিডিওর দ্বারস্থ বর্ধমানের তরুণী
রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মিঠুনের এই নিয়োগ অবিলম্বে কার্যকর করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি তা বহাল থাকবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই নতুন পদে দায়িত্ব গ্রহণ করবেন মহাগুরু। এই মুহূর্তে একটি কাজে আলিপুরদুয়ারে রয়েছেন তিনি। সেখান থেকেই নতুন দায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন প্রবীণ অভিনেতা তথা রাজনীতিক।
সম্প্রতি নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে মিঠুনকে বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখার মাঝেই তিনি বলেছিলেন, আগামীদিনে মহাগুরুকে কালচারাল অ্যাডভাইজার তথা সাংস্কৃতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে সেটা তখন স্পষ্ট করে জানাননি তিনি।

ওই অনুষ্ঠানেই শুভেন্দুর প্রশংসা করে মিঠুন বলেছিলেন, “আমাদের মুখ্যমন্ত্রীকে এতদিনে চিনেই গিয়েছেন। উনি যা বলেন, সেটা করে দেখান। আমি গ্যারেন্টি দিচ্ছি, উনি যা বলেন সেটা হবেই।“
এবার পুজোর আগেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে মিঠুনকে নিয়োগ করা হল। পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি তিনি এই পদে বহাল থাকবেন বলে জানিয়েছে রাজ্য।













