বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা পদ নিয়ে টানাপড়েন কিছুতেই থামছে না। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চ জানায়, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে এখনই কোনও হস্তক্ষেপ নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই আপাতত বিরোধী দলনেতা থাকছেন। এবার এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)।
বড় পদক্ষেপ শোভনদেবের | (Sovandeb Chattopadhyay)
রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। ঋতব্রত তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক। এরপর স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন শোভনদেব।
আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে হলে কোন রেশন কার্ড লাগবে? কোন কার্ডে সুবিধা মিলবে না জানুন
শুক্রবার সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ জানায়, বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়ে আপাতত স্পিকারের সিদ্ধান্তই বহাল থাকবে। কোনও অন্তর্বর্তী নির্দেশ দেননি বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই। তার আগেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক শোভনদেব।
জানা গিয়েছে, শুক্রবার হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। ফলে ডিভিশন বেঞ্চে কী হয় সেদিকে নজর রয়েছে সকলের।

এদিকে বিধানসভা ভোটের ফলঘোষণার পর বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কেই বেছে নিয়েছিল তৃণমূল। এরপর সামনে আসে সই জালিয়াতির অভিযোগ। পরবর্তীতে তৃণমূল দু’ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেই সঙ্গেই বিরোধী দলনেতা পদ নিয়ে টানাপড়েন কলকাতা হাইকোর্ট অবধি পৌঁছয়।
মঙ্গলবারের পর বুধবারও উচ্চ আদালতে এই মামলার শুনানি হয়েছিল। তবে নির্দেশ স্থগিত রেখেছিল আদালত। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও জানান, আপাতত স্পিকারের সিদ্ধান্তই বহাল থাকছে। এবার এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন শোভনদেব।













