বাংলাহান্ট ডেস্ক: বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার (Commercial LPG) নিয়ে বড় ঘোষণা। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ বাড়ানো হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
বাণিজ্যিক এলপিজিতে (Commercial LPG) বরাদ্দ বাড়ালো মোদি সরকার
চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, আগামী ২৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যগুলির জন্য অতিরিক্ত ২০ শতাংশ বাণিজ্যিক এলপিজি বরাদ্দ করা হবে। এর ফলে মোট বরাদ্দ প্রাক-সঙ্কট স্তরের প্রায় ৫০ শতাংশে পৌঁছবে। উল্লেখ্য, ইরান-আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে যাওয়ার পর থেকেই জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
আরও পড়ুন:নেই ঝুঁকি! মিলবে দুর্দান্ত রিটার্ন, LIC-র এই ৫ টি স্কিমে বিনিয়োগ করলেই হবেন মালামাল
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই বাড়তি বরাদ্দ নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে রেস্তরাঁ, ধাবা, হোটেল, ক্যান্টিন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, দুগ্ধশিল্প, সরকারি বা স্থানীয় সংস্থার পরিচালিত ভর্তুকিযুক্ত ক্যান্টিন, কমিউনিটি কিচেন এবং অভিবাসী শ্রমিকদের জন্য ছোট ৫ কেজির সিলিন্ডার। যাতে প্রয়োজনীয় পরিষেবা কোনওভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েই জোর দেওয়া হয়েছে।
এর আগে কেন্দ্র দাবি করেছিল যে গৃহস্থালি ব্যবহার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মিড-ডে মিলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে বাণিজ্যিক ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হওয়ায় ডিলারদের কাছ থেকে চাহিদার তালিকা চাওয়া হয়। সেই তালিকা বিশ্লেষণ করেই তেল সংস্থাগুলি নতুন বরাদ্দ নীতির রূপরেখা তৈরি করেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: হরমুজ স্তব্ধ হলেও সরবরাহে নেই খামতি! সৌদি থেকে কীভাবে তেল আসছে ভারতে?
তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই ইঙ্গিত দিয়েছেন মন্ত্রকের আধিকারিকরা। যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় ভবিষ্যতে জ্বালানি সরবরাহে আরও পরিবর্তন আসতে পারে বলেও মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রের বাণিজ্যিক (Commercial LPG) এলপিজি নিয়ে এই সিদ্ধান্ত ব্যবসায়ী ও পরিষেবা খাতকে কিছুটা স্বস্তি দিলেও, কবে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরবে তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।












