শেষ মুহূর্তের আবেদন আর গ্রহণ নয়! টেন্ডার নিয়ে কড়া বার্তা নবান্নের

Published on:

Published on:

Nabanna
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে টেন্ডার প্রক্রিয়া নিয়ে এবার নতুন নিয়ম চালু করল অর্থ দফতর (Nabanna)। মূলত শেষ মুহূর্তে কোনও সংস্থার চুক্তির মেয়াদ বাড়ানোর প্রবণতায় লাগাম টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক কাজে আরও স্বচ্ছতা ও গতি আনাই সরকারের লক্ষ্য বলে জানা গিয়েছে।

টেন্ডার প্রক্রিয়ায় নতুন নির্দেশিকা নবান্নের (Nabanna)

নতুন নির্দেশিকা অনুযায়ী, নিরাপত্তা, সাফাই, হাউসকিপিং এবং ডায়েট সরবরাহের মতো পরিষেবার জন্য নিয়োগ করা সংস্থাগুলির চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করতে হবে। রাজ্যের সব প্রশাসনিক দফতরকে এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের (Nabanna) অর্থ দফতর জানিয়েছে, সংশ্লিষ্ট টেন্ডারগুলি যতটা সম্ভব GeM (Government e-Marketplace) পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এর ফলে টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনও সংস্থা চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে মেয়াদ বৃদ্ধির আবেদন জমা দেয়। সেই কারণে নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া পিছিয়ে যায়। এবার থেকে এমন আবেদন সাধারণভাবে আর গ্রহণ করা হবে না।

তবে কোনও বিশেষ জরুরি বা ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হলে তবেই মেয়াদ বৃদ্ধির আবেদন বিবেচনা করা হতে পারে। অর্থাৎ, মেয়াদ বাড়ানো আর নিয়ম নয়, বরং বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবেই দেখা হবে। প্রসঙ্গত, অতীতে টেন্ডার প্রক্রিয়া নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Suvendu Adhikari's 'Super Wednesday' in Nabanna

আরও পড়ুনঃ ১ অগস্ট থেকে বড় বদল! স্মার্ট প্রি-পেইড মিটার নিয়ে নতুন নির্দেশিকা জারি রাজ্যের

বৃহস্পতিবার রাজ্যের (Nabanna) অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পি. কে. মিশ্র এই নির্দেশিকা জারি করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।