বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহের মধ্যেই ফের চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। এক তৃণমূল নেতার বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণের (Nandigram blast) ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক তাজা বোমা উদ্ধার করেছে।
নন্দীগ্রাম বোমা বিস্ফোরণ (Nandigram Blast)
রবিবার ভোরে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতা তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলামের বাড়িতেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সেখানে গিয়ে বাড়ি থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটের মুখে ওই নেতা নিজের বাড়িতে বোমা মজুত করে রেখেছিলেন। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত সামনে আসেনি। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং কীভাবে বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ভোটে চমক! ১৮০ প্রার্থী অষ্টম পাশ, ১৪ জন নিজের নামও লিখতে পারেন না
উল্লেখ্য, নন্দীগ্রাম এবার শুধু একটা সাধারণ কেন্দ্র নয়, ২০২৬-এর ভোটে এটি কার্যত হাইপ্রোফাইল লড়াইয়ের ময়দান। এখানে মুখোমুখি হয়েছে রাজ্যের দুই বড় রাজনৈতিক শক্তি, যথা- তৃণমূলের প্রার্থী প্রদীপ কর এবং বিজেপির শক্তিশালী মুখ শুভেন্দু অধিকারী। দুই পক্ষের এই সরাসরি লড়াই ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চরমে, আর তার মাঝেই এই বিস্ফোরণের ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে।
















