বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘মন কি বাত’ (Mann Ki Baat)-এর ১৩৭তম পর্বে উঠে এল দেশের তরুণ প্রজন্ম, নারী ক্ষমতায়ন, ইতিহাসচর্চা থেকে শুরু করে মহাকাশ গবেষণার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। রবিবারের এই রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘মন কি বাত’ এমন একটি মঞ্চ, যেখানে দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া নতুন উদ্যোগ এবং সাধারণ মানুষের নানা সাফল্যের কথা তুলে ধরার সুযোগ পাওয়া যায়। তাঁর কথায়, এই ধরনের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করে এবং দেশের অগ্রগতির সঙ্গে সাধারণ মানুষকে আরও বেশি করে যুক্ত করে।
‘মন কি বাত’-এ তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মোদী (Narendra Modi):
অনুষ্ঠানে তরুণদের ইতিহাসের প্রতি আগ্রহী করে তুলতে একটি বিশেষ ওয়েবসাইটের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি ‘bharatrajya.com’-এর কথা তুলে ধরে বলেন, সহজেই ভারতের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছে এই উদ্যোগ। ওয়েবসাইটটিতে নির্দিষ্ট কোনও বছর বেছে নিলে সেই সময় ভারতের বিভিন্ন অঞ্চলে কারা শাসন করতেন, সে সম্পর্কে তথ্য পাওয়া যায়। মুম্বইয়ের কৃষ্ণ শেষাদ্রি এই ওয়েবসাইটটি তৈরি করেছেন বলে জানান মোদী। তাঁর মতে, এই উদ্যোগ শুধু ইতিহাসের পড়ুয়াদের জন্যই কাজে আসবে না, বরং সাধারণ তরুণদের কাছেও দেশের অতীতকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে সাহায্য করবে।
আরও পড়ুন: বিনা পাইলটে উড়ে শায়েস্তা করবে শত্রুদের! ভারতের শক্তি বাড়াবে অত্যাধুনিক ফাইটার জেট
‘মন কি বাত’-এর মঞ্চ থেকে মাদকমুক্ত ভারত গড়ার বিষয়েও জোরালো বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনেই প্রভাব ফেলে না, তার অভিঘাত পৌঁছে যায় পরিবার এবং বৃহত্তর সমাজেও। তাই যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে সমাজের প্রতিটি স্তরকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ‘উন্নত ভারতের জন্য মাদকমুক্ত যুবসমাজ’ অভিযান ইতিমধ্যেই গতি পেয়েছে এবং বহু তরুণ এতে যুক্ত হচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, সুস্থ ও শক্তিশালী যুবসমাজই ভবিষ্যতের উন্নত ভারতের অন্যতম প্রধান ভিত্তি।
নারী ক্ষমতায়নের প্রসঙ্গেও এদিন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মোদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে দেশের বহু মহিলা নিজেদের ব্যবসা গড়ে তোলার পাশাপাশি আর্থিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠছেন। এই প্রকল্পের সুবিধাভোগীদের প্রায় ৪৬ শতাংশই মহিলা, অর্থাৎ প্রায় ৩৫ লক্ষ নারী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বলে জানান তিনি। ছোট ব্যবসার সঙ্গে যুক্ত মহিলাদের জন্য এই ধরনের আর্থিক সহায়তা তাঁদের আত্মনির্ভরতা বাড়াতে সাহায্য করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, নারী উদ্যোক্তাদের এই সাফল্যের গল্পগুলি আরও বেশি করে সামনে আসা প্রয়োজন।

আরও পড়ুন: জরিমানা দিলেই ছাড় নয়! রাস্তায় থুতু ফেললে এবার কী পদক্ষেপ? জানালেন অগ্নিমিত্রা
এদিনের অনুষ্ঠানে মহাকাশ গবেষণায় ছাত্রীদের অংশগ্রহণের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ‘মিশন শক্তিস্যাট’-এর মাধ্যমে বিশ্বের ১০৮টি দেশের প্রায় ১২ হাজার ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবন সম্পর্কে শেখার সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে ২৩ আগস্ট উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এই উদ্যোগের একটি বিশেষ দিক সামনে আসে বলেও উল্লেখ করেন মোদী (Narendra Modi)। তাঁর বক্তব্যে স্পষ্ট, ইতিহাসকে সহজভাবে জানা থেকে শুরু করে মাদকমুক্ত সমাজ গড়া, মহিলাদের স্বনির্ভর করা কিংবা মেয়েদের মহাকাশ গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়া— দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কেন্দ্র করেই একাধিক উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।













