বাংলা হান্ট ডেস্ক : চিকিৎসার জন্য আর শুধু রাজ্যের হাসপাতালের উপর নির্ভর করতে হবে না রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও পেনশনভোগীদের। এবার দেশের একাধিক প্রথম সারির চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা করানোর সুযোগ আরও সহজ করল পশ্চিমবঙ্গ সরকার।রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের আওতা বাড়িয়ে দিল্লি-সহ মোট ছয়টি এইমসকে যুক্ত করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে যাওয়ার আগে আর রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্যসুবিধা নিয়ে একের পর এক নির্দেশিকার মধ্যেই সামনে এল এই নতুন সিদ্ধান্ত।
রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) স্বাস্থ্য প্রকল্পে সুবিধা
অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে এখন দিল্লি, পটনা, গুয়াহাটি, কল্যাণী, ভুবনেশ্বর ও দেওঘরের এইমসে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। বহির্বিভাগে চিকিৎসা করানো হোক কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হোক, দুই ক্ষেত্রেই নিয়ম মেনে সুবিধা মিলবে। তবে চিকিৎসার খরচ ফেরত পাওয়ার ক্ষেত্রে প্রকল্পের নির্ধারিত শর্ত ও আর্থিক ঊর্ধ্বসীমা কার্যকর থাকবে। এই সুবিধা থাকলেও সব ধরনের চিকিৎসার খরচ ফেরত পাওয়া যাবে না। বিশেষ করে বহির্বিভাগের চিকিৎসার ক্ষেত্রে কেবল নির্দিষ্ট তালিকায় থাকা রোগের জন্যই খরচ ফেরতের সুযোগ মিলবে। আবার এইমসে চিকিৎসা করাতে যাওয়ার জন্য যাতায়াতের খরচও সরকার বহন করবে না। এদিকে, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ আগেই জারি করেছে অর্থ দফতর।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুবিধাভোগীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্ড ফেরানোর প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানানো হয়েছে। এই নিয়মের আওতায় রয়েছেন সর্বভারতীয় প্রশাসনিক পরিষেবার আধিকারিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং তাঁদের নথিভুক্ত পরিবারের সদস্যরাও।
নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নেওয়ার পাশাপাশি অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ড ব্যবহার করার সুযোগ রাখা যাবে না। যাঁদের কাছে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত—দুই কার্ডই রয়েছে, তাঁদের নির্ধারিত কর্তৃপক্ষের কাছে সেগুলি জমা দিতে হবে। শুধু কার্ড জমা দিলেই হবে না, জমা দেওয়ার প্রমাণপত্রও সংগ্রহ করে রাখতে হবে। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও পড়ুন :প্রাথমিক শিক্ষক নিয়োগে OBC প্রার্থীদের জন্য বড় খবর, ৩১ অক্টোবরের মধ্যে করতেই হবে এই কাজ!
নির্দেশ পালন না করলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই কার্ড ফেরানোর নির্ধারিত সময়সীমা ও নিয়ম সম্পর্কে উপভোক্তাদের সতর্ক থাকা জরুরি।














