দপ্তরে পরা যাবে না জিন্স, টি-শার্টেও নিষেধাজ্ঞা! সরকারি কর্মীদের জন্য নয়া পোশাকবিধি অসম সরকারের

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: নিজের ইচ্ছেমতো পোশাক পরে আর অফিসে আসা যাবে না! সরকারি কর্মীদের জন্য এবার কড়া পোশাকবিধি (Dress Code) চালু করল অসমের (Assam) হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswa Sarma) সরকার। জিনস, টি-শার্ট থেকে শুরু করে চটি—সবেতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি কর্মীর জন্য নয়। অসমের রাজ্য সচিবালয় ‘জনতা ভবন’-এ কর্মরত কর্মীদেরই নতুন পোশাকবিধি মেনে চলতে হবে। শুক্রবার থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।

সরকারি কর্মীদের জন্য নয়া পোশাকবিধি অসম (Assam) সরকারের:

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি দফতরে কর্মীদের এমন পোশাক পরে আসতে হবে, যা তাঁদের পেশাদারিত্ব, শালীনতা এবং দায়িত্বশীল আচরণের পরিচয় দেয়। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দাবি, সম্প্রতি সচিবালয়ের কিছু কর্মী এমন পোশাক পরে অফিসে আসছিলেন, যা সরকারি কর্মক্ষেত্রের পরিবেশের সঙ্গে মানানসই নয়। এর ফলে সরকারি কর্মীদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। সেই কারণেই পোশাক নিয়ে এই কড়াকড়ি (Assam)।

আরও পড়ুন: হয় আমেরিকা ছাড়তে হবে, নইলে চাকরি! IBM-এর কড়া নির্দেশে বিপাকে ভারতীয় কর্মীরা

উপ-সচিব মানস জ্যোতি বরুয়ার স্বাক্ষরিত নির্দেশিকায় পুরুষ ও মহিলা কর্মীদের পোশাকের বিষয়েও নির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে। পুরুষদের ক্ষেত্রে ফরমাল ট্রাউজার ও শার্ট পরার কথা বলা হয়েছে। চাইলে কুর্তা, ধুতি কিংবা পাজামার মতো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকও পরতে পারবেন তাঁরা। অন্যদিকে, মহিলা কর্মীদের সালোয়ার, শাড়ি কিংবা অসমের ঐতিহ্যবাহী মেখেলা পরার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে শুধু জিনস বা টি-শার্ট নয়, লেগিংস পরেও সচিবালয়ে আসা যাবে না। পোশাকের রং নিয়েও রয়েছে নির্দেশ। কর্মীদের পরিচ্ছন্ন, মার্জিত এবং হালকা রঙের পোশাক বেছে নিতে বলা হয়েছে। পাশাপাশি জুতো পরার ক্ষেত্রেও সতর্ক করেছে প্রশাসন। অফিসের পরিবেশের সঙ্গে মানানসই জুতো পরতে হবে। কোনওভাবেই চটি পরে দফতরে প্রবেশ করা যাবে না।

New dress code for govt employees introduced by the Assam government

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসা বিয়ের আমন্ত্রণপত্রের লিঙ্ক ক্লিক করতেই উধাও ১০ লক্ষ টাকা! মাথায় হাত যুবকের

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, নতুন পোশাকবিধি অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রশাসনের মতে, সরকারি দফতরের নিজস্ব একটি কর্মসংস্কৃতি ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত ঘিরে সরকারি কর্মীদের মধ্যে কী প্রতিক্রিয়া তৈরি হয়, এখন সেদিকেই নজর (Assam)।