বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের মোথাবাড়িতে (Mothabari Case) যা ঘটেছিল, তা নিয়ে এখনও থামেনি চাঞ্চল্য। বিচারকদের আটকে রেখে বিক্ষোভ আর হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে বড় তদন্ত। ইতিমধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এবার সেই মামলায় আরও এক পঞ্চায়েত সদস্যকে ধরল এনআইএ। পাশাপাশি কয়েকজন রাজনৈতিক নেতাকেও তুলে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। সব মিলিয়ে ঘটনাটা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
মোথাবাড়ি কাণ্ডে (Mothabari Case) গ্রেপ্তার আরও এক
রবিবার মোথাবাড়ি (Mothabari Case) গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য গোলাম রাব্বানীকে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে এনআইএ। এর আগে এই একই মামলায় আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদেরি, আইনজীবী মোফাকেরুল ইসলাম-সহ প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে মোথাবাড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী, ছাত্র পরিষদের কালিয়াচক ২ ব্লক সভাপতি আসিফ সেখ-সহ মোট তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জানা গিয়েছে, তাদের মুর্শিদাবাদের ফরাক্কা থানার এলাকায় থাকা এনআইএ অফিসে নিয়ে যাওয়া হয়েছে জেরার জন্য।
ঘটনার সূত্রপাত ১ এপ্রিল। সেদিন এসআইআর ইস্যু নিয়ে কালিয়াচক ২ ব্লক অফিসে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, সেই সময় সাতজন জুডিশিয়াল অফিসারকে ঘিরে ফেলে আটকে রাখা হয় এবং তাদের গাড়িতে হামলা চালানো হয়। গভীর রাত পর্যন্ত তাদের সেখানে আটকে রেখে হেনস্তা করা হয় বলেও অভিযোগ ওঠে।
এই ঘটনার (Mothabari Case) পরেই বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত পৌঁছায়। আদালতের নির্দেশেই পুরো ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। তদন্তে উঠে আসছে, বিচারকদের আটকে রাখার ঘটনায় পঞ্চায়েত সদস্য গোলাম রাব্বানীর সরাসরি ভূমিকা থাকতে পারে। এমনটাই দাবি সূত্রের। এমনকি জেরার সময় আইএসএফ প্রার্থী এই বিষয়টি জানিয়েছেন বলেও খবর।

আরও পড়ুনঃ ‘ভোটের তাড়ায় ভুল সিদ্ধান্ত নয়’, সতর্ক করল সুপ্রিম কোর্ট
তবে যাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন (Mothabari Case)।












