বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে বাংলায় ভোটার তালিকা নিয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে, আর তাঁদের মামলা এখনও ট্রাইব্যুনালে চলছে। এই অবস্থায় তাঁরা ভোট দিতে পারবেন কি না, সেই প্রশ্নই পৌঁছেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। আদালত বলেছে, ভোটের তাড়াহুড়োর জন্য সাধারণ মানুষের অধিকার যেন কোনওভাবেই নষ্ট না হয়।
ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) গুরুত্বপূর্ণ বার্তা
পশ্চিমবঙ্গের SIR মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, ভোটার তালিকায় নাম থাকা কোনও একদিনের বিষয় নয়, এটি একটা চলতে থাকা প্রক্রিয়া। যাঁদের নাম কাটা গেছে এবং মামলা এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন, তাঁদের পক্ষ থেকে আদালতে বলা হয়, ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানো হোক। কারণ, যদি তাঁরা মামলায় জিতেন, তাহলে এই নির্বাচনেই ভোট দেওয়ার সুযোগ চান।
এদিকে নির্বাচন কমিশন জানায়, ৯ এপ্রিলই ভোটার তালিকা ফাইনাল করে দেওয়া হয়েছে। তাই সময় বাড়ানো সম্ভব নয় বলেই তাদের অবস্থান। এই নিয়ে শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, একজন মানুষের নিজের দেশে ভোটার হিসেবে থাকার অধিকার খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু আইনের বিষয় নয়, মানুষের অনুভূতির সঙ্গেও জড়িত। তাই এই অধিকার রক্ষা করা দরকার। আদালত আরও বলে, ভোটের উত্তেজনায় পড়ে যেন এই বিষয়টি উপেক্ষা না করা হয়।
বিচারপতিরা আরও বলেন, এখানে রাজ্য সরকার বা নির্বাচন কমিশনের মধ্যে কোনও লড়াই নয়। কিন্তু এই টানাপোড়েনের মধ্যে পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। তাই বিষয়টি খুব সাবধানে দেখা দরকার। তবে আদালত (Supreme Court) এটাও স্পষ্ট করে দেয়, সব ক্ষেত্রে নির্বাচনের ফল নিয়ে হস্তক্ষেপ করা যাবে না। যদি অনেক মানুষ ভোট দিতে না পারেন এবং জয়ের ব্যবধান খুব কম হয়, তখন বিষয়টি গুরুত্ব পাবে। কিন্তু ব্যবধান বেশি হলে আলাদা করে হস্তক্ষেপ নাও করা হতে পারে।

আরও পড়ুনঃ ৯০ লক্ষ নাম বাদ, তবুও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট! ভোটার তালিকায় বড় ‘ধাক্কা’
এদিন ট্রাইব্যুনালের কাজ নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ ছিল, সেখানে দ্রুত শুনানি হচ্ছে না। তবে প্রধান বিচারপতি বলেন, ট্রাইব্যুনালের উপর ভরসা রাখতে হবে এবং বিচারকদের উপর বাড়তি চাপ দেওয়া উচিত নয়।












