পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর গ্রাম, কাঞ্চনজঙ্ঘার সান্নিধ্যে দুদিন কাটাতে এই জায়গা হোক নেক্সট গন্তব্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: হাতে সময় কম থাকলে পাহাড় বলতেই বেশিরভাগ বাঙালি বোঝে উত্তরবঙ্গ। তবে পাহাড়ের টানে দার্জিলিং, কালিম্পংয়ে ভিড় করায় দিন দিন যেন জটলা বাড়ছে জায়গাগুলিতে (Travel)। যারা নিরিবিলিতে কদিন ঘুরতে চান তারা খোঁজেন অফবিট জায়গা। এমনই এক জায়গার খোঁজ রইল এই প্রতিবেদনে।

উত্তরবঙ্গের অফবিট জায়গায় পর্যটনের (Travel) নতুন আকর্ষণ

ঘুরতে গিয়ে অনেকেই খোঁজেন শান্তি, একান্ত যাপনের আশ্রয়। তাদের জন্য আদর্শ জায়গা হল সান্টেক। কালিম্পংয়ের এই ছোট্ট গ্রামটিতে এখনও পর্যটকদের স্পর্শ তেমন ভাবে পড়েনি। কালিম্পং শহর থেকে প্রায় ২৫-৩০ কিমি দূরে অবস্থিত এই ছোট পাহাড়ি গ্রামটির উচ্চতা প্রায় ৫০০০ ফুট।

North Bengal offbeat travel destination

কী কী দেখবেন: চারিদিকে ঘেরা পাহাড়, ঘন পাইন বনের শীতল ছায়া আর পাহাড়ের ধাপে ধাপে সাজানো এলাচের বাগান মনকে শান্ত করে। ব্রিটিশ আমলের সিঙ্কোনা বাগান হাতছানি দেয় ইতিহাসের। পাখিপ্রেমী হলে একবার অন্তত সান্টেক ঘুরে যাওয়া অবশ্য দরকার। ভারবেট, নীলকণ্ঠ পাখির মিষ্টি ডাক মন ভালো করে দিতে বাধ্য।

আরও পড়ুন : এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে পেনশন, অনলাইনে কীভাবে জমা দেবেন লাইফ সার্টিফিকেট?

কোথায় থাকবেন: তবে সান্টেকের সবথেকে বড় আকর্ষণ নিঃসন্দেহে কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ। শান্ত পরিবেশে চায়ের কাপ হাতে এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য সান্টেক ধীরে ধীরে অফবিটপ্রেমী পর্যটকদের (Travel) প্রিয় হয়ে উঠছে। তবে প্রকৃতির কোলে বিলাসবহুল হোটেল চাইলে ভুল করবেন। স্থানীয় পাহাড়ি মানুষদের হোমস্টেতে অবশ্য আতিথেয়তার কমতি হবে না।

আরও পড়ুন : যাত্রী সংখ্যায় রেকর্ড, সর্বোচ্চ আয় করে নজির গড়ল পূর্ব রেল

সান্টেক যাওয়ার জন্য নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে গরুবাথান হয়ে পৌঁছানো যায়। এতে প্রায় সাড়ে ৩-৪ ঘন্টা সময় লাগে। সেপ্টেম্বর থেকে জুন মাস হল সান্টেক যাওয়ার সেরা সময়। এর মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গেলে কাঞ্চনজঙ্ঘার সবথেকে মনোরম দৃশ্য দেখা যায়।