বাংলা হান্ট ডেস্কঃ পুলিশ নিয়োগ পরীক্ষার (Police Recruitment) নিয়মে দেদার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে আরক্ষা ভবন অবধি প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়েছেন তাঁরা।
কী বলল হাইকোর্ট? | (Calcutta High Court)
সৌরদীপ ঘোষ নামে পুলিশ নিয়োগ পরীক্ষার এক পরীক্ষার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জরুরি ভিত্তিতে মামলাটি উল্লেখ করা হয়েছিল। সেটি শুনানির জন্য গ্রাহ্য করেছে আদালত। আগামী ৩১ অগাস্ট মামলাটির শুনানি হতে পারে।
আরও পড়ুনঃ অভিষেকের অফিসের বিলবোর্ড খুলে দেওয়ার জের! হাই কোর্টে তৃণমূল, আজই শুনানি?
তৃণমূল জমানায় ২০২৪ সালে প্রায় ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরীক্ষার ফলাফল ও মেধাতালিকা প্রকাশ্যে আসার পর বিপত্তি বাঁধে। অসন্তোষ প্রকাশ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি।
অভিযোগ ওঠে, নির্দিষ্ট নিয়মের পরোয়া না করে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির শংসাপত্র গ্রহণ করা হয়েছিল। ফলে প্রকৃত প্রাপকরা বঞ্চিত হয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে একাধিক অভিযোগ জানিয়েছিলেন মামলাকারীরা।
কয়েকদিন আগে সেই মামলাতেই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবার পুলিশ নিয়োগে দেদার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলের অনুমতি চাইলেন চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ মার্চ রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল তৎকালীন রাজ্য সরকার। সেই ভিত্তিতে লিখিত পরীক্ষা হয়। এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ৬০,১৭৮ জন চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশিত হয়।
তবে একের পর এক প্রার্থী এই তালিকা স্বচ্ছ নয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবার প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে ফের একটি মামলা হল। সেই মামলার শুনানিতে কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।













