বাংলাহান্ট ডেস্ক : কসবা আইন কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় নয়া মোড়। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করল পুলিশ। বুধবার আলিপুর আদালতে হয় চার্জ গঠন। সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।
কসবা ল কলেজের (Kasba Law College) ঘটনায় চার্জ গঠন
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, আটকে রেখে প্রাণে মেরে ফেলার হুমকি, ব্ল্যাকমেলিংয়ের জন্য মোবাইল ফোনে রেকর্ডিং সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা। ঘটনায় মোট সাক্ষী রয়েছে ৮৩ জন।

কী কী অভিযোগ: গত বছর ২৫ জুন কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ওই কলেজেরই ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র এবং তাঁর সাগরেদদের বিরুদ্ধে অভিযোগ করেন নির্যাতিতা ছাত্রী। ওঠে মোবাইলে রেকর্ডিং করে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগও। ওই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ঘটনার এক বছরের মধ্যেই চার্জ গঠন করল পুলিশ।
আরও পড়ুন : দুশোর বেশি তদন্তকারী অফিসার! ভোটের আগেই বড় কিছু ঘটার ইঙ্গিত? দলে দলে ইডি-সিবিআই ঢুকছে রাজ্যে
চার্জশিটে ছিল নাম: এর আগে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল যে, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজ তথা ছাত্র সংগঠনের প্রাক্তনী। টিএমসিপির তরফে সাসপেন্ডও করা হয় তাঁকে। পুলিশের তরফে পেশ করা চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে মনোজিতের নাম ছাড়াও অভিযুক্ত হিসেবে নাম ছিল জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের। চার্জশিটে এও উল্লেখ ছিল, কলেজের (Kasba Law College) গার্ডরুমের ভেতরে নির্যাতিতা ছাত্রীকে বিবস্ত্র হতে বাধ্য করে সেই ভিডিও নিজের মোবাইল ফোনে তুলে রাখে মনোজিৎ। তারপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে ছাত্রীকে।
আরও পড়ুন : শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় ভিন্ন ধারায় মামলা, পুলিশের বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
মনোজিতের সমস্ত কুকীর্তি, হুমকি থেকে শুরু করে ধর্ষণের ঘটনাও এক্সহস্ট ফ্যানের গর্ত দিয়ে ভিডিও করে রাখে জায়েব এবং প্রমিত। এমনটাই উল্লেখ ছিল চার্জশিটে। পাশাপাশি ওই ভিডিওগুলি নিজেদের কয়েকজন সঙ্গীকেও পাঠিয়েছিল ওই তিনজন। ভিডিওগুলির ফরেনসিক রিপোর্ট আগেই হাতে পেয়েছে পুলিশ। তার প্রেক্ষিতেই চার্জ গঠন হয়েছে বলে খবর। আগামী ২৭ জানুয়ারি থেকে এই মামলায় শুরু হবে সাক্ষ্যগ্রহণ।












