বাংলাহান্ট ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্রাক্সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) দেশের অগ্রগতিতে নারীশক্তি ও যুবসমাজের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন। তাঁর ভাষণে উঠে আসে নারী ক্ষমতায়নের সাফল্য, যুবকদের অগ্রণী ভূমিকা এবং ভারতের সাংস্কৃতিক ও গণতান্ত্রিক শক্তির কথা। রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের লক্ষ্যে মহিলাদের সক্রিয় ও স্বাবলম্বী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুবসমাজ দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর (Droupodi Murmu) ভাষণে নারী শক্তির জয়গান!
রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, দেশের অগ্রগতির পথে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আজ দেশের মা ও বোনেরা সামাজিক অচলায়তন ভেঙে এগিয়ে আসছেন এবং অর্থনীতি থেকে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। উন্নত ভারত গঠনে নারীশক্তির ভূমিকা অনস্বীকার্য বলেই মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, নারীদের ক্রমবর্ধমান অগ্রগতি দেশের লিঙ্গসমতা, সামাজিক ন্যায় এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের আগে দিল্লিতে চলল ‘অপারেশন কবচ’, গ্রেফতার ৫৮৬ জন
নারী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রচেষ্টার সুফল ইতিমধ্যেই মিলছে। “বেটি বাঁচাও, বেটি পড়াও” কর্মসূচি শিক্ষা ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়িয়েছে। প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় খোলা ৫৭ কোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রায় ৫৬ শতাংশই মহিলাদের নামে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন ১০ কোটিরও বেশি নারী, যা গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতিতে বড় পরিবর্তন এনেছে বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি ক্রীড়া, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, মহাকাশ, স্টার্ট-আপ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে নারীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে দেশের মেয়েরা ক্রীড়াক্ষেত্রে একের পর এক সাফল্য এনে দিচ্ছে। গত বছরের নভেম্বরে আইসিসি মহিলা বিশ্বকাপ এবং দৃষ্টিহীনদের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দেশের গর্ব বাড়িয়েছে। দাবা বিশ্বকাপের ফাইনালে দুই ভারতীয় নারীর মুখোমুখি হওয়া ঐতিহাসিক ঘটনা। পাশাপাশি পঞ্চায়েত স্তরে প্রায় ৪৬ শতাংশ মহিলা প্রতিনিধিত্ব রাজনৈতিক ক্ষমতায়নের নতুন দিগন্ত খুলেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: জাতীয় সঙ্গীতের সমমর্যাদা পাবে বন্দেমাতরম! বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র
ভাষণের শেষ ভাগে রাষ্ট্রপতি ভারতের জ্ঞান, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের কথা তুলে ধরেন। ভারতীয় দর্শন, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিদ্যা, সাহিত্য ও শিল্প বিশ্বজুড়ে সমাদৃত বলে তিনি উল্লেখ করেন। “জ্ঞান ভারতম মিশন”-এর মতো উদ্যোগ ভারতীয় ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। একই সঙ্গে সাংবিধানিক মূল্যবোধ, গণতন্ত্রের শক্তি এবং নাগরিকদের সম্মিলিত দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ঐক্য, সহনশীলতা ও দায়িত্ববোধ বজায় রেখেই বহুমুখী উন্নয়নের পথে এগোতে হবে, আর সেই দায়িত্বের বড় অংশ আজ দেশের যুবসমাজের কাঁধেই।













