বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teachers Recruitment) দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, মোট ১৩,৪২১টি শূন্যপদের জন্য আগামী ২৭, ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। দীর্ঘদিন ধরে যাঁরা এই নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষায় ছিলেন, তাঁদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বলে মনে করা হচ্ছে।
পর্ষদের নিয়োগ (Primary Teachers Recruitment) বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?
পর্ষদের নিয়োগ (Primary Teachers Recruitment) বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা পরিষদের প্রধান কার্যালয় আচার্য প্রফুল্ল ভবনে। ইন্টারভিউয়ের তারিখ ও স্থান প্রার্থীদের জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। ২৭ ও ২৮ জানুয়ারি কলকাতার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এরপর ২৯ ও ৩০ জানুয়ারি জলপাইগুড়ি জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ আয়োজন করা হবে।
পর্ষদ স্পষ্ট জানিয়েছে, ইন্টারভিউয়ের আগে প্রার্থীদের সমস্ত তথ্য ও নথি খুঁটিয়ে যাচাই করা হবে। যাচাইয়ের সময় যদি দেখা যায় কোনও প্রার্থীর দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে বা জমা দেওয়া নথিতে গরমিল আছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর ইন্টারভিউ বাতিল করার অধিকার থাকবে পর্ষদের হাতে।
ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের কল লেটার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ইন্টারভিউয়ের দিন কল লেটারের সঙ্গে টেট শংসাপত্র-সহ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ৩৭ দিন পর অবশেষে মুক্তি, আদালতে জামিন পেলেন ‘মেসি কাণ্ডের’ শতদ্রু দত্ত
পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (Primary Teachers Recruitment) শেষ করতে চায় তারা। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেই ইংরেজি মাধ্যম স্কুলগুলির জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।












