মমতা-রাজ সম্পর্কে ফাটল? নির্বাচনের আগে মুখ খুললেন বিধায়ক, বললেন, রাজনীতির মধ্যেও রাজনীতি…

Published on:

Published on:

Raj Chakraborty on Ticket Rumour Before 2026 Election
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টলিউডের একঝাঁক পরিচিত মুখ রাজনীতিতে পা রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ব্যারাকপুরে রেকর্ড ভোটে জয়ের পর বিধায়ক হিসেবে সক্রিয় থেকেছেন তিনি। তবে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে, রাজ চক্রবর্তীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি মানসিক দূরত্ব তৈরি হয়েছে। এই আবহেই সরাসরি প্রশ্নের মুখে পড়লেন রাজ।

মুখ্যমন্ত্রীর সাথে দূরত্বের প্রশ্নে কী বললেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)?

মুখ্যমন্ত্রীর সাথে দূরত্ব তৈরি হয়েছে কিনা এই প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হয় বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakroborty) কে। উত্তরে তিনি স্পষ্ট জানান, নির্বাচনের আগে এমন আলোচনা নতুন কিছু নয়। এই নিয়ে রাজ চক্রবর্তী স্পষ্ট বলেন “প্রত্যেক নির্বাচনের আগেই সোশাল মিডিয়ায় কে টিকিট পাবে, কে পাবে না, এ নিয়ে মনগড়া আলোচনা শুরু হয়। অনেকে সেটায় বিশ্বাসও করে। কিন্তু আমি বিশ্বাস করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা সততার সঙ্গে পালন করেছি। বাকি সময়টুকুও সেভাবেই কাজ করে যাব।”

রাজ (Raj Chakraborty) আরও বলেন, তিনি কখনও দলের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তাঁর মতে, রাজনীতির মধ্যেও রাজনীতি রয়েছে, কেউ তাঁকে পছন্দ করেন, কেউ করেন না। তবে লড়াই করবেন কি না, সেটা তাঁর কাছে মুখ্য নয়। “স্কোরবোর্ডটা ঠিক রাখাই গুরুত্বপূর্ণ,” বলেই মন্তব্য করেন তিনি। শেষ সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃত্ব। এ নিয়ে তিনি চিন্তিত নন বলেও জানান রাজ।

২০২১-এর ব্যারাকপুর লড়াইয়ের প্রেক্ষাপট

২০২১ সালের নির্বাচনের আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। বিজেপি এই আসন জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। কারণ, কেন্দ্রটি তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ‘গড়’ হিসেবেই পরিচিত ছিল। তৃণমূল কংগ্রেস যখন রাজ চক্রবর্তীকে (Raj Chakroborty) প্রার্থী ঘোষণা করে, তখন অনেকেই তাঁকে ‘বহিরাগত’ বা শুধুই ‘গ্ল্যামার নির্ভর’ প্রার্থী বলে কটাক্ষ করেছিলেন। বিজেপির প্রার্থী ছিলেন চন্দ্রমণি শুক্লা। সহজ ছিল না সেই লড়াই। তবুও উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হন রাজ।

আরও পড়ুনঃ এবার আসরে বাস মালিকরা, ভোটের নির্ঘণ্টের আগেই কমিশনকে চিঠি সংগঠনের

ফের কি নতুন লড়াইয়ে নামবেন রাজ?

আগামী নির্বাচনে ফের লড়াই করতে চান কি না এই প্রশ্নেও স্পষ্ট উত্তর দেননি রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তিনি শুধু বলেন, “আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এখনই যদি বলি লড়তে চাই বা চাই না, তাহলে সেটা মিথ্যা বলা হবে। আমি রাজনীতি করেই চলেছি। আমার একটা সময়সীমা রয়েছে। সেটা শেষ হলেই বোঝা যাবে আমি ফের লড়াইয়ের জন্য যোগ্য কি না।” সব মিলিয়ে, টিকিট নিয়ে জল্পনা থাকলেও নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন রাজ চক্রবর্তী।