বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ভোটগণনাকে সামনে রেখে এবার সংগঠনের ভিত আরও শক্ত করতে বিশেষ দায়িত্ব ভাগ করে দিল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জেলায় দলের তরফে গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সেই তালিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন ডিজি তথা বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব কুমার (Rajeev Kumar)।
সূত্রের খবর ভোটগণনার দিন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন রাজ্যের প্রাক্তন ডিজি তথা বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব কুমার (Rajeev Kumar)। এই সিদ্ধান্তের কথা উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে।
রাজীব কুমারের (Rajeev Kumar) দায়িত্বে বিশেষ নজর
শনিবার তৃণমূলের কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোটগণনার দিন কীভাবে কাজ করতে হবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়। সেই বৈঠকেই বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা পর্যবেক্ষক নিয়োগ করা হয়। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে (Rajeev Kumar)। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে তাঁর দায়িত্বের বিষয়টি আলাদা করে উল্লেখ করেন বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেন রাজীব কুমার (Rajeev Kumar)। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। এরপর দল তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে। এবার ভোটগণনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও তাঁকে সামনে আনা হল।
কোন জেলায় কে দায়িত্বে?
দলের তরফে একাধিক নেতাকে বিভিন্ন জেলার গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর কলকাতার দায়িত্বে রয়েছেন কুণাল ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার দায়িত্ব পেয়েছেন অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। হাওড়ার দায়িত্বে রাখা হয়েছে পুলক রায়কে। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে থাকছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে দায়িত্ব দেওয়া হয়েছে সায়নী ঘোষ ও ঋজু দত্তকে।

আরও পড়ুনঃ ভোট শেষ হতেই ফের কড়াকড়ি! ইভিএম-স্ট্রংরুম পাহারায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী নামাল কমিশন
কাউন্টিং এজেন্টদের কী বার্তা?
ভার্চুয়াল বৈঠকে কাউন্টিং এজেন্টদের একাধিক নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনাকেন্দ্রে কীভাবে সতর্ক থাকতে হবে, কোন দিকে নজর রাখতে হবে, এমনকি খাবার নিয়েও পরামর্শ দেওয়া হয় বলে সূত্রের খবর। একইসঙ্গে দলের কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল ২০০-র বেশি আসনে জয় পাবে বলেই তাঁদের বিশ্বাস।













