বাংলাহান্ট ডেস্ক : রাজ্য তথা দেশের একটা বড় সংখ্যক মানুষ এখনও নির্ভরশীল রেশনের (Ration) উপরে। কিন্তু এবার রেশন নিয়ে এল এক নতুন আপডেট, যেখানে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্রের নির্দেশ মতো ব্যবস্থা যদি না নেওয়া হয় তবে রাজ্যগুলিতে জাতীয় প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকদের ভর্তুকিতে চাল গম সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
এপ্রিল থেকে রেশনে (Ration) বড় আপডেট
কেন্দ্রের এই পদক্ষেপ কার্যকর হলে এপ্রিল থেকেই রাজ্যের প্রায় ১২ লক্ষ রেশন ভোক্তার খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। আর গোটা দেশের ক্ষেত্রে এই সংখ্যাটা দাঁড়াবে ৮০ লক্ষে। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই এক শ্রেণির সন্দেহজনক রেশন গ্রাহকের তথ্য যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে জোর দেওয়া হচ্ছিল কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, বিভিন্ন মন্ত্রক থেকে এই গ্রাহকদের বৈধতা বা অস্তিত্ব সম্পর্কে সন্দেহজনক রিপোর্ট এসেছে কেন্দ্রের কাছে। এরপরেই উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার।

কী নির্দেশ কেন্দ্রের: দেশের সমস্ত রাজ্য মিলিয়ে প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ রেশন গ্রাহকের তথ্য যাচাই করতে বলা হয় কেন্দ্রের তরফে। সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়, গ্রাহকদের বৈধতা বা অস্তিত্ব না মিললে তাদের রেশন (Ration) কার্ড বাতিল করার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারগুলিকে। জানা যাচ্ছে, গোটা দেশে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ১৬ লক্ষ গ্রাহকের তথ্য যাচাই হয়েছে। ২ কোটি ১৫ লক্ষের কার্ড বাতিল হয়েছে।
আরও পড়ুন : শিয়ালদহ ডিভিশনে পাওয়ার ব্লক, সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিল, হয়রানির মুখে যাত্রীরা
এখনো পর্যন্ত কত তথ্য যাচাই: পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন গ্রাহকের তথ্য যাচাই করতে বলা হয়েছিল। আর কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, যাচাই হয়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ। বাদ পড়েছে প্রায় ৩ লক্ষ ৫৮ হাজার। কেন্দ্রের তালিকা অনুযায়ী, এখনও ১২ লক্ষেরও বেশি কার্ডের তথ্য যাচাই করা বাকি রয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক সূত্রে খবর, রাজ্য সরকারগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ মার্চের মধ্যে ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ করতে হবে। নয়তো যাদের যাচাই বাকি তাদের ভর্তুকিতে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন : গাড়ির ঝক্কি শেষ, রেলপথে জুড়ছে সিকিম-গ্যাংটক! কবে চালু পরিষেবা?
রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে খবর, এসআইআর আর নির্বাচনী কাজের জন্য যাচাইয়ের প্রক্রিয়া ধীর হয়ে গিয়েছে। ভোট মিটলেই আবার শুরু হবে কাজ। উল্লেখ্য, এ রাজ্যে জাতীয় প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি রেশন গ্রাহক রয়েছে। কেন্দ্র যদি চালের জন্য ভর্তুকি বন্ধ করে তাও রাজ্যের তরফে ১২ লক্ষ কার্ডের জন্য সরবরাহ বজায় রাখা যাবে। তবে গম যেহেতু কেন্দ্র সরবরাহ করে তাই সেটা বন্ধ হতে পারে।












