বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর দেশের সাধারণ মানুষের নজর ছিল রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের দিকে। ঋণের ইএমআই বাড়বে কি না, তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে স্বস্তির খবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। চলতি মাসের মনিটারি পলিসি বৈঠকে রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল আরবিআই। ফলে আপাতত হোম লোন, কার লোন সহ বিভিন্ন ঋণের কিস্তির উপর কোনও বাড়তি চাপ পড়ছে না।
আগের মতই অপরিবর্তিত রাখা হচ্ছে রেপো রেট (Repo Rate)
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ঘোষণা করেছে, রেপো রেট (Repo Rate) আগের মতোই ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হচ্ছে। বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি বলেন, “মনিটারি পলিসি কমিটি গত ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বৈঠক করেছে। দেশের অর্থনীতি এবং মাক্রো-ইকোনমিক পরিস্থিতির গভীর পর্যালোচনার পর পলিসি রিপোর্ট তৈরি করা হয়েছে। কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে রেপো রেট ৫.২৫ শতাংশ হারে অপরিবর্তিত থাকবে।”
শুধু রেপো রেটই (Repo Rate) নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক হারও অপরিবর্তিত রাখা হয়েছে। এসডিএফ রেট ৫ শতাংশেই রাখা হয়েছে। পাশাপাশি এমএসএফ রেট এবং ব্যাঙ্ক রেটও ৫.৫ শতাংশ হারে অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রতি দুই মাস অন্তর রিজার্ভ ব্যাঙ্ক মনিটারি পলিসি কমিটির বৈঠক করে এবং দেশের আর্থিক পরিস্থিতি বিচার করে রেপো রেট (Repo Rate) নির্ধারণ করে। যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ককে ঋণ দেয়, সেটিকেই বলা হয় রেপো রেট। অন্যদিকে যে হারে রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়, তাকে বলা হয় রিভার্স রেপো রেট।

আরও পড়ুনঃ রাজ্য বাজেটে হেলথ স্কিমে বড় বদল! পেনশনভোগীদের চিকিৎসা খরচে বিরাট ছাড়ের ঘোষণা
রেপো রেট (Repo Rate) বাড়লে সাধারণত ঋণের সুদের হার বেড়ে যায়। ফলে হোম লোন, কার লোনের মতো ঋণের ইএমআই বেড়ে যায়। আবার রেপো রেট কমলে ইএমআই-এর বোঝা হালকা হয়। তাই এবারের বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে। বাজেট ঘোষণার পর এটিই ছিল রিজার্ভ ব্যাঙ্কের প্রথম এমপিসি বৈঠক, যেখানে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












