তৃণমূল ভবন হাতছাড়া কালীঘাট তৃণমূলের! ‘দখল’ নেওয়ার পর বড় ঘোষণা ঋতব্রত শিবিরের

Published on:

Published on:

Ritabrata Banerjee and others took control of Trinamool Bhavan made big announcement
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ‘আসল তৃণমূল’ (Trinamool Congress) কে? এই নিয়ে দলের দুই শিবিরের মধ্যে দড়ি টানাটানি চলছে। এর মাঝেই এবার বাইপাসের ধারের তৃণমূল ভবনের (Trinamool Bhavan) দখল নিল ঋতব্রত শিবির। ইতিমধ্যেই এই নিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা হয়েছে। ভাড়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ‘বিদ্রোহী’ বিধায়ক আখরুজ্জামান।

তৃণমূল ভবন হাতছাড়া কালীঘাট তৃণমূলের! | (Trinamool Bhavan)

এদিন সন্ধ্যায় মেট্রোপলিটনের পার্টি অফিসে হাজির হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ছিলেন ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, সন্দীপন সাহা সহ একদল ‘বিদ্রোহী’ বিধায়ক। তাঁরা জানিয়েছেন, এবার থেকে বাইপাসের ধারের এই অফিসেই বসবেন। ঋতব্রত শিবির সূত্রে খবর, আগামীকাল থেকে এই অফিস কাজ শুরু হয়ে যাবে।

আরও পড়ুনঃ মাছ-ডিমের বদলে মিড ডে মিলে নিরামিষ! ইসকনকে দায়িত্ব দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা

এদিন মেট্রোপলিটনের কার্যালয় ‘দখলের’ পর ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান বলেন, “আমরাই তৃণমূল, এটা আমাদের অফিস। তৃণমূলের আবেগ এই কার্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে”।

অন্যদিকে ইতিমধ্যেই এই ‘দখলদারি’র বিরুদ্ধে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কালীঘাট তৃণমূল। মমতা শিবিরের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “দখলদারির সংস্কৃতি চলছে। সরকার ও পুলিশের প্রত্যক্ষ মদতে বহিষ্কৃত বিজেপির বি টিম হয়ে নেমেছে একজন”।

Trinamool Congress

জানা গিয়েছে, এদিন বাইপাসের ধারের দলীয় কার্যালয় ‘দখল’ নেওয়ার পর দরজায় নতুন তালা লাগিয়েছে ঋতব্রত শিবির। এর পাশাপাশি কার্যালয়ের বাইরে টাঙানো হয়েছে একটি নতুন প্ল্যাকার্ড। সেখানে তৃণমূল চেয়ারম্যান হিসেবে রয়েছে হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়ের নাম। গত ২১ জুন ঋতব্রত শিবিরের বৈঠকে মমতাকে সরিয়ে অরূপকেই দলের চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছিল।

২০২৬ বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দু’টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। দলের প্রতীক ও তহবিল নিয়ে মমতা শিবির ও ঋতব্রত শিবিরের মধ্যে টানাপড়েন চলছে। গতকালই দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেছিলেন ঋতব্রতরা। রাজধানী থেকে ফিরেই তৃণমূল ভবনের দখল নিলেন তাঁরা।