বাংলাহান্ট ডেস্ক: বৃহন্মুম্বাইয়ের (BMC Election 2026) মেয়র পদে বসতে চলেছেন বিজেপির রীতু তাউড়ে। শনিবার, ৭ ফেব্রুয়ারি বিজেপির তরফে আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। এর মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর মুম্বই পুরসভার মেয়র পদ শিবসেনার হাতছাড়া হল। দেশের আর্থিক রাজধানীর প্রশাসনিক শীর্ষপদে এবার বিজেপির প্রতিনিধি বসতে চলেছেন, যা মহারাষ্ট্রের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মুম্বাইয়ের পুরভোটে (BMC Election 2026) জিতে মেয়র পদে বসলেন রীতু তাউরে
রীতু তাউড়ে এর আগে মুম্বইয়ের ঘাটকোপার এলাকার কর্পোরেটর ছিলেন। পাশাপাশি তিনি বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের এডুকেশন কমিটির চেয়ারপার্সনের দায়িত্বও সামলেছেন। পুর প্রশাসনে তাঁর অভিজ্ঞতা এবং সংগঠনের ভিতরে গ্রহণযোগ্যতাই তাঁকে মেয়র পদের জন্য এগিয়ে দিয়েছে বলে বিজেপি সূত্রে খবর। দলের নেতা অমিত সটম শনিবার রীতুর নাম ঘোষণা করেন। উল্লেখ্য, বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন দেশের সবচেয়ে ধনী পুরসভা, যার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটের পরিমাণ প্রায় ৭৪ হাজার ৪৫০ কোটি টাকা।
আরও পড়ুন: লম্বা সুইডিশ নারীর প্রস্তাব! এপস্টিন ফাইলের নথিতে এবার অনিল আম্বানির নাম
অন্যদিকে, ডেপুটি মেয়র পদে বসতে চলেছেন শিবসেনার সঞ্জয় শঙ্কর ঘোরি। শিবসেনা নেতা রাহুল শেওয়ালে তাঁর নাম ঘোষণা করেন। দল জানিয়েছে, আগামী ১৫ মাসের জন্য তিনি এই দায়িত্বে থাকবেন। পাশাপাশি ডেপুটি মেয়রের পদ চারজন কর্পোরেটরের মধ্যে পর্যায়ক্রমে ভাগ করে দেওয়া হবে বলেও শিবসেনার তরফে জানানো হয়েছে। সঞ্জয় শঙ্কর ২০২২ সালে উদ্ধব ঠাকরের শিবসেনা ছেড়ে একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছিলেন, যার পরেই মহা বিকাশ আগাড়ি সরকারের পতন ঘটে।
চলতি বছরের জানুয়ারি মাসে মুম্বই পুরসভার ২২৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি ৮৯টি আসনে জয়ী হয়। শিবসেনা পায় ২৯টি আসন। বিজেপি ও শিবসেনা মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ১১৪ অতিক্রম করে, যার ফলে মেয়র ও ডেপুটি মেয়র পদে তাদের প্রার্থী বসানোর পথ সুগম হয়।

আরও পড়ুন: চা-ফল থেকে স্মার্টফোন! আমেরিকায় রফতানিতে ভারতের কোন কোন পণ্যে লাগবে না শুল্ক?
উল্লেখযোগ্য ভাবে, ১৯৯৭ সাল থেকে টানা ২৫ বছর মুম্বই পুরসভায় মেয়র পদ ধরে রেখেছিল শিবসেনা (ইউবিটি)। এবারের নির্বাচনে তারা ৬৫টি আসনে জয়ী হলেও মেয়র পদ হারাতে হয়। তাদের জোটসঙ্গী মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পেয়েছে ৬টি এবং এনসিপি (শরদ পওয়ার) পেয়েছে ১টি আসন। কংগ্রেস জিতেছে ২৪টি, এআইএমআইএম ৮টি এবং এনসিপি (অজিত পওয়ার) ৩টি আসনে। এই সমীকরণের মধ্যেই বিজেপির মেয়র নির্বাচন মুম্বইয়ের পুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করা হচ্ছে।












