বাংলাহান্ট ডেস্ক: শীঘ্রই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)। কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, খুব শীঘ্রই ভারতের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর হতে চলেছে। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই কূটনৈতিক তৎপরতা নতুন করে জল্পনা উসকে দিল। গত রবিবার দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং তাঁর সঙ্গে থাকা অন্যান্য মার্কিন প্রতিনিধিরা। এই বৈঠকের পরেই শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন জয়শংকর, যা ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে।
আগামী সপ্তাহেই আমেরিকা সফরে এস জয়শঙ্কর (S. Jaishankar)
যদিও বাস্তব পরিস্থিতি এখনও জটিল বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত হয়নি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দু’পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গিয়েছে। এই আবহে বিদেশমন্ত্রীর আসন্ন আমেরিকা সফর স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেরই ধারণা, এই সফরে বাণিজ্যচুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যদিও সরকারিভাবে এখনও তা নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: এই দেশে ফিরছে দাসত্ব প্রথা! নাচ করলেই প্রকাশ্যে চাবুক মারার বিধান, চালু হল নতুন আইন
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, জয়শংকর মূলত বিরল খনিজ সংক্রান্ত একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতেই আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছেন। তবে ওই সফরের ফাঁকে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে কোনও বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা পাওয়া যায়নি। তবু সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা দেখে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে জল্পনা থামছে না।
ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি আটকে থাকার মূল কারণ হিসেবে উঠে আসছে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি খাত। মার্কিন কর্পোরেট সংস্থাগুলির চাপেই এই তিনটি ক্ষেত্রে ভারতীয় বাজার পুরোপুরি খুলে দেওয়ার দাবি তুলেছে ওয়াশিংটন। কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় নয়াদিল্লি। ভারতের আশঙ্কা, এই খাতগুলি উন্মুক্ত হলে দেশের কৃষক ও ক্ষুদ্র উৎপাদকরা মারাত্মক সমস্যায় পড়বেন। একই কারণে ব্রিটেনের সঙ্গেও বাণিজ্যচুক্তিতে এই ক্ষেত্রগুলিতে ছাড় দেয়নি ভারত।

আরও পড়ুন: ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন মমতা! বিমান দুর্ঘটনায় ভাইপোর মৃত্যুতে কী জানালেন শরদ পাওয়ার?
উল্লেখযোগ্য ভাবে, গত বছর ভারতীয় পণ্যের উপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আরও ২৫ শতাংশ শুল্ক এবং জরিমানার বোঝা চাপানো হয়। ট্রাম্প প্রকাশ্যেই বলেছিলেন, রাশিয়া থেকে তেল কেনার কারণেই ভারতের উপর এই কড়া শুল্ক বসানো হয়েছে। সেই ঘটনার পর থেকেই ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা তৈরি হয়। এই পরিস্থিতিতে জয়শংকরের সম্ভাব্য আমেরিকা সফর বাণিজ্যচুক্তির জট কাটাতে আদৌ কোনও নতুন পথ খুলে দেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল।












