বাংলা হান্ট ডেস্ক : ভাঙড়ের রাজনৈতিক আবহে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে একটি ভাইরাল গান। তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে (Saokat Molla) লক্ষ্য করে তৈরি ‘মাছ চোর’ গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। এই গান নিয়ে ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছেন শওকত। পাশাপাশি আইনি পদক্ষেপের কথাও জানিয়ে দিয়েছেন তিনি।
কী বলেছেন শওকত (Saokat Molla) ?
‘মাছ চোর’ গান প্রসঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শওকত স্পষ্ট ভাষায় বলেন, “নোংরামোর একটা সীমা থাকা উচিত। যারা এসব করেছে, সেটা তাদের নিচু মানসিকতার পরিচয়। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে হওয়া উচিত। ব্যক্তিগত কুৎসা রটিয়ে রাজনৈতিকভাবে জয়ী হওয়া যায় না। আমি তীব্র প্রতিবাদ জানাই। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই আইনের দ্বারস্থ হব।”
তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত, ক্যানিংয়ের মৌখালির বাসিন্দা শওকত মোল্লা রাজনীতিতে যোগদানের আগে মাছচাষ ও মাছ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর অতীতকে টার্গেট করেই গানটিতে কটাক্ষ করা হয়েছে শওকতকে। এমনকি গানটিতে তাঁকে ‘মৌখালির গাঁজাখোর’ ও ‘মাছ চোর’ বলে কটাক্ষ করা হয়েছে। গানটি প্রকাশ্যে আসার পর থেকেই তাকে ঘিরে মিম এবং ট্রোলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।
নির্বাচনের কয়েকদিন আগেই গানটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভাঙড় এলাকায় আইএসএফের তরুণ কর্মীদের মিছিলেও এই গান বাজাতে দেখা যায়। ধীরে ধীরে গানটি বিভিন্ন মহলে জনপ্রিয় হয়ে ওঠে, যা শওকতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এবারের বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন শওকত মোল্লা। এর আগে তিনি ক্যানিং পূর্ব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর আসন পরিবর্তন নিয়েও গানটিতে বিদ্রূপ করা হয়েছে। অন্যদিকে, এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি।

আরও পড়ুন : কোন জেলায় কত জন কাউন্টিং অবজার্ভার? ভোটগণনার আগে তালিকা প্রকাশ কমিশনের
উল্লেখ্য, সাধারণত রাজনৈতিক অশান্তির জন্য পরিচিত ভাঙড়ে এবার মোটের ওপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। যা নিয়ে সন্তোষও প্রকাশ করেছিলেন শওকত। তবে ভোট পর্ব মিটলেও এই গানকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। শওকতের আইনি পদক্ষেপ এই গানের ওপর কতটা প্রভাব ফেলে এখন সেদিকেই নজর সকলের। ‘মাছ চোর’ গানকে ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে ভাইরাল এই গানের শ্রোতারা।













