বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাচীনতম জাদুঘরটি রয়েছে কলকাতাতেই (Indian Museum)। শুধু তাই নয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম জাদুঘর হিসেবে বিবেচিত হয় ইন্ডিয়ান মিউজিয়াম। নিয়মিত বিপুলসংখ্যক মানুষ এই মিউজিয়াম প্রত্যক্ষ করতে আসেন। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি (ACC) প্রত্নতাত্ত্বিক সায়ন ভট্টাচার্যকে কলকাতা জাদুঘরের নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।
কলকাতা জাদুঘরের (Indian Museum) সর্বকনিষ্ঠ ডিরেক্টর হলেন সায়ন ভট্টাচার্য:
মাত্র ৪৬ বছর বয়সেই জাদুঘরের ডিরেক্টরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সায়ন ভট্টাচার্য। এমতাবস্থায়, তিনি ভারতীয় জাদুঘরের সর্বকনিষ্ঠ ডিরেক্টর হিসেবেও বিবেচিত হচ্ছেন। এদিকে, মন্ত্রিসভার নিয়োগ কমিটির এই সিদ্ধান্তের ফলে ভারতীয় জাদুঘরের ডিরেক্টরবিহীন অবস্থার অবসান ঘটল। সায়ন ভট্টাচার্য এ ডি চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। যিনি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের প্রধান ছিলেন।

জানিয়ে রাখি যে, সায়ন ভট্টাচার্য ভারতীয় জাদুঘরের ডেপুটি ডিরেক্টর পদে দায়িত্ব সামলেছেন। ১৮১৪ সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাদুঘরে প্রত্নতত্ত্ব থেকে শুরু করে নৃবিজ্ঞান, ভূতত্ত্ব, শিল্প প্রাণিবিদ্যা এবং মুদ্রাবিদ্যার এক লক্ষেরও বেশি নিদর্শন রয়েছে। যা ভারতীয় জাদুঘরকে প্রত্যক্ষভাবে সভ্যতার ঐতিহ্যের নিদর্শন তুলে ধরার ক্ষেত্রে সমগ্র বিশ্বের মধ্যে অনন্য করে তুলেছে।
আরও পড়ুন: Blinkit-Swiggy-র বাড়ল চিন্তা! এখনও কেউ যা করতে পারেনি কুইক কমার্সে সেটাই করে দেখালেন আম্বানি
এদিকে, নতুন ভূমিকার প্রসঙ্গে সায়ন ভট্টাচার্য জানিয়েছেন, ‘সংস্কৃতি এমন একটি ক্ষেত্র যা সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভরশীল।’ তিনি আরও বলেন, তাঁর মনোযোগ প্রধানমন্ত্রীর ২০৪৭ সালের বিকশিত ভারত-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তাঁর মতে, জাদুঘরটিকে একটি প্রাণবন্ত, অন্তর্ভুক্তিমূলক স্থান হিসেবে কল্পনা করা হবে। যা ‘বৃহত্তর ভারত’ ধারণাকে শক্তিশালী করবে এবং ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকেও প্রতিষ্ঠিত করবে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে মন্দার আবহেই এগিয়ে চলেছে দেশ! ভারতীয় অর্থনীতিতে ভরসা রেখে গ্রোথ রেট বৃদ্ধি IMF-এর
তিনি আরও জানিয়েছেন, আন্তঃসাংস্কৃতিক বার্তা থেকে শুরু করে বিশ্বব্যাপী সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে ভারতীয় জাদুঘরকে আন্তর্জাতিক মর্যাদার একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য হবে। একই সঙ্গে, তিনি জোর দিয়ে বলেন যে, জাদুঘরটিকে আরও বেশি জনকেন্দ্রিক করে তোলা হবে। এছাড়াও, তিনি জানিয়েছেন জাদুঘরের গ্যালারির আধুনিকীকরণ সহ পুনর্নির্মাণের কাজ ত্বরান্বিত করার ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংগ্রহের ডিজিটাইজেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সহজলভ্যতা বাড়িয়ে তোলার বিষয়েও তিনি জোর দিয়েছেন।












