বাংলা হান্ট ডেস্কঃ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন এসএসসি (School Service Commission)। ২০১৬ সালের এসএলএসটি (SLST) নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠা প্রার্থীদের তালিকা সামনে নিয়ে এল কমিশন। শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এসএসসি।
কাদের নাম রয়েছে এসএসসির তালিকায়? School Service Commission
কমিশন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য দুটি পৃথক তালিকা প্রকাশ করেছে। অফিসিয়াল ওয়েবসাইটে দুটি ভিন্ন তালিকা আপলোড করা হয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ২৫০ জন প্রার্থীর নাম রয়েছে সেই তালিকায়। যেখানে বিষয়ভিত্তিকভাবে প্রার্থীদের নাম, রোল নম্বর এবং বাবার নাম উল্লেখ করা হয়েছে।
এসএসসির দাবি, সিবিআই-এর তদন্তে এদের নাম উঠে এলেও, এদের কাউকে কোনো ‘সুপারিশপত্র’ কমিশন দেয়নি। ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্রে তথ্যের গরমিল থাকায় এদের নাম সামনে এসেছে বলে জানিয়েছে এসএসসি। এদিকে অশিক্ষক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নাম রয়েছে মোট ১৮৫৩ জনের।

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় নতুন মোড়, মামলাকারীরাই কি ‘দাগি’? SSC তালিকায় বিস্ফোরক তথ্য
পর্ষদ স্পষ্ট করেছে, এদের কাউকেই কমিশন থেকে কোনো ‘নিয়োগপত্র’ দেওয়া হয়নি। উল্লেখ্য, আদালতের নির্দেশে এবং তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্পষ্ট জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিট বিকৃতির কারণে এই বিরাট আকারের দুর্নীতি। অনেকে ক্ষেত্রে প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং সার্ভারে থাকা নম্বরের মধ্যে বড় রকমের ফারাক দেখা গিয়েছে। এদেরই নাম এবার সামনে আনল কমিশন।












