বাংলা হান্ট ডেস্কঃ ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটতে এবার কিছু যাত্রীকে বাড়তি সমস্যার মুখে পড়তে হতে পারে। কারণ আগামী ১ জুলাই থেকে শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) ৮টি স্টেশনে রেলের রিজার্ভেশন কাউন্টার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যাত্রী সংখ্যা কমে যাওয়া এবং পরিষেবার নতুন করে বিন্যাস করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) বন্ধ হচ্ছে ৮ রিজার্ভেশন কাউন্টার
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর শাখার আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড এবং মছলন্দপুর স্টেশনের রিজার্ভেশন কাউন্টার বন্ধ হয়ে যাবে। এছাড়া দক্ষিণ শাখার ঢাকুরিয়া এবং বজবজ লাইনের নিউ আলিপুর স্টেশনেও আর পিআরএস কাউন্টার থাকবে না। এর ফলে এই স্টেশনগুলির যাত্রীদের সংরক্ষিত টিকিট কাটার জন্য অন্য কোনও নিকটবর্তী স্টেশনে যেতে হবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনলাইনে আইআরসিটিসির মাধ্যমে টিকিট বুক করার পরামর্শ দিয়েছে।
রেলের দাবি, শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) যেসব স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে প্রতিদিন খুব কম টিকিট বুকিং হচ্ছিল, সেগুলি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী উপস্থিতি, বুকিংয়ের সংখ্যা এবং প্রশাসনিক দিক বিবেচনা করেই কাউন্টারগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তবে এই সিদ্ধান্তে অনেক যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, এখনও বহু মানুষ অনলাইনে টিকিট কাটতে স্বচ্ছন্দ নন। বিশেষ করে প্রবীণ নাগরিক এবং গ্রামীণ এলাকার যাত্রীরা কাউন্টারের উপরই বেশি নির্ভর করেন। যাত্রীদের আশঙ্কা, এখন টিকিট কাটতে অন্য স্টেশনে যেতে হলে সময় এবং খরচ দুটোই বাড়বে। পাশাপাশি বড় স্টেশনগুলির কাউন্টারে ভিড়ও আরও বাড়তে পারে।

আরও পড়ুনঃ সোমবারই UCC বিল? শেষ মুহূর্তে বড় মোড়, নতুন সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
অন্যদিকে, রেলের মতে, অনলাইন বুকিংয়ের ব্যবহার বাড়ানো এবং পরিষেবা পরিচালনার খরচ কমানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে রিজার্ভেশন কেন্দ্রগুলিকে ঘিরে যে দালালচক্রের অভিযোগ ছিল, ডিজিটাল ব্যবস্থার ফলে সেই সমস্যাও অনেকটাই কমেছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ (Sealdah Division)।














