বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা (2nd Supplementary List) প্রকাশ করেছে। কিন্তু এই তালিকায় কত নামের নিষ্পত্তি হল, কত জনের নাম বাদ গেল বা নতুন করে কত জন যুক্ত হলেন, সেই স্পষ্ট তথ্য এখনও সামনে আসেনি। ফলে ভোটের আগে স্বাভাবিকভাবেই এই তালিকা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন বাড়ছে।
গভীর রাতে প্রকাশ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা (2nd Supplementary List)
রাত সাড়ে ১১টার কিছু পরে এই তালিকা (2nd Supplementary List) সামনে আসে। তবে তালিকা প্রকাশ হলেও, এখনও পর্যন্ত কমিশনের তরফে জানানো হয়নি মোট কত নামের নিষ্পত্তি হয়েছে বা কত ভোটারের নাম বাদ পড়েছে। এর আগে ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল প্রায় রাত ১২টার সময়। সেই সময় রাতের মধ্যে তালিকা প্রকাশ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও অনেকটা একই সময়ে তালিকা প্রকাশ হওয়ায় সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে। তবে এবার প্রকাশিত তালিকায় পূর্ণাঙ্গ তথ্যের অভাব আরও বেশি নজর কেড়েছে।
শুক্রবার সন্ধ্যাতেই রাজ্যের CEO মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, বিকেল ৫টা পর্যন্ত বিচারকদের কাছ থেকে যে তথ্য জমা পড়েছে, তা প্রসেস করেই দ্বিতীয় তালিকা (2nd Supplementary List) প্রকাশ করা হবে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেই কাজ শেষ হতে কয়েক ঘণ্টা লাগতে পারে। সেই মতো রাত সাড়ে ১১টার পরে তালিকা প্রকাশিত হয়। তবে প্রকাশিত তালিকা দেখে নতুন প্রশ্ন উঠেছে। সেখানে আপাতত মাত্র ৯ জনের নাম দেখা গিয়েছে। তালিকায় এন্টালি বিধানসভা কেন্দ্রের উল্লেখ রয়েছে, যেখানে ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা ভোটারের নাম রয়েছে।
প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই সময় বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। প্রথম অতিরিক্ত তালিকায় কত জনের নিষ্পত্তি হয়েছে বা কত জন নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন, সেই তথ্যও কমিশন প্রকাশ করেনি। এদিকে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা (2nd Supplementary List) প্রকাশের আগের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৭৬ লক্ষ নাম বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে। এই সংখ্যাকে কেন্দ্র করেও রাজনৈতিক চাপ বাড়ছে।
ঠিক এই দিনই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তিনি SIR-এর অমীমাংসিত নামগুলির তালিকা প্রকাশের আর্জি জানান। চিঠিতে উল্লেখ করা হয়, এই প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকেরা ইতিমধ্যে ২৭ লক্ষ নামের মীমাংসা করেছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুনঃ শিয়ালদহ ডিভিশনে পাওয়ার ব্লক, সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিল, হয়রানির মুখে যাত্রীরা
কিন্তু সেই সংক্রান্ত কোনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে না আসায়, নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। ফলে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা (2nd Supplementary List) প্রকাশ হলেও, সংখ্যার স্পষ্টতা না থাকায় ভোটের মুখে SIR প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা আরও বাড়ল।












