বাংলা হান্ট ডেস্কঃ স্মার্ট মিটার (Smart Meter) নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। এই মিটার লাগালে কি বিদ্যুতের বিল কম আসবে? রিচার্জ শেষ হয়ে গেলে কি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ (Electricity Connection) কেটে দেওয়া হবে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এই আবহে স্মার্ট মিটারের ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া নিয়ে সরকারি নিয়ম কী বলছে জেনে নেওয়া যাক।
স্মার্ট মিটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি নিয়ম | (Smart Meter)
মোবাইলে রিচার্জের কায়দায় স্মার্ট মিটারে টাকা ভরতে হয়। সেই কারণে অনেকে মনে করেন, মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেলে যেমন আর পরিষেবা পাওয়া যায় না, স্মার্ট মিটারের ক্ষেত্রেও তেমনটাই হয়। যদিও বাস্তবটা সম্পূর্ণ আলাদা।
আরও পড়ুনঃ প্রথম শ্রেণি থেকে পাল্টে যাবে সব! চালু হতে চলেছে নতুন সিলেবাস, বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর
সরকারি নিয়ম বলছে, স্মার্ট মিটারে টাকা ফুরিয়ে গেলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় না। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময় অবধি বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে। অর্থাৎ রিচার্জ করার জন্য বেশ কিছুদিন সময় পান গ্রাহকরা।
নিয়ম বলছে, যেসব গ্রাহকদের বাড়িতে ১ কিলোওয়াট লোডের বিদ্যুৎ সংযোগ রয়েছে, তাঁদের মিটারের টাকা শূন্যের কম হয়ে গেলেও ৩০ দিন অবধি বিদ্যুৎ সংযোগ থাকে। ২ কিলোওয়াট লোডের সংযোগের ক্ষেত্রে প্রায় ২০০ টাকা অবধি নেগেটিভ ব্যালেন্স হয়ে যাওয়ার পরেও বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে।
নিয়ম অনুসারে, স্মার্ট মিটারের রিচার্জ ফুরিয়ে যাওয়ার পর গ্রাহকদের টাকা ভরার জন্য ৩০ দিন অবধি সময় দেওয়া হয়। সেই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পর আরও ৩ দিনের ‘এমারজেন্সি ক্রেডিট পিরিয়ড’ রয়েছে। অর্থাৎ মোট ৩৩ দিন সময় পান গ্রাহকরা। এই সময়কালের মধ্যে রিচার্জ না করলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ কেটে যেতে পারে।
এদিকে স্মার্ট মিটারের ব্যালেন্স নেগেটিভ হওয়া মাত্রই বিদ্যুৎ সংস্থার তরফে গ্রাহকের মোবাইলে একাধিক মেসেজ বা নোটিফিকেশন পাঠানো শুরু হয়ে যায়। সেগুলি দেখে গ্রাহক রিচার্জ করে নিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে না।

এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। সেই অনুযায়ী, বিকেল ৫টার পর থেকে সকাল ৮টা অবধি কোনও অবস্থাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। সেই সঙ্গেই মাসের দ্বিতীয় শনিবার, রবিবার, সরকারি ছুটির দিন অথবা গুরুত্বপূর্ণ উৎসবের সময়েও স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন করা যায় না বলে জানা গিয়েছে।
তবে কোনও কারণে ৩৩ দিনের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ঘাবড়ানোর কিছু নেই। গ্রাহক স্মার্ট মিটারে রিচার্জ করার ঘণ্টা দুয়েকের মধ্যে ফের বিদ্যুৎ পরিষেবা চালু হয়ে যায়।














