বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি (Smriti Irani)। রবিবার দিল্লিতে হওয়া রামলীলা ময়দানের কর্মসূচিকে উল্লেখ করে মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই ইন্ডি জোটের পাল্টা ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি শুরু করেছে বিজেপি। এবার স্মৃতি জানালেন, কংগ্রেস ও সহযোগী দলগুলি মিলে গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
কংগ্রেস সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ স্মৃতি ইরানির
এদিন এসআইআর প্রসঙ্গে স্মৃতি জানান, ১৯৫২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১২টি SIR করা হয়েছে। যার মধ্যে ১০টি SIR এর সময় কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। তাছাড়া ১৩কোটি ভোটারের নাম বাদ পড়ার যে অভিযোগ করা হয়েছিল সেটাও মিথ্যে ও অপপ্রচার বলে জানান স্মৃতি। কারণ খসড়া ভোটার তালিকা অনুযায়ী ৩ কোটি ভোটার মৃত ও ১ কোটি ডুপ্লিকেট। এছাড়া ৩ কোটি মানুষের কোনো খোঁজ মেলেনি আর ৬ কোটি ভোটারের ঠিকানা পরিবর্তন হয়েছে।
এরপর নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) আক্রমণ করেছেন স্মৃতি ইরানি। তাঁর মতে, দিল্লিতে ইউপিএ জোটের বৈঠকে এক তৃণমূল নেত্রীর মুখ থেকে ভুল করে সত্যিটা বেরিয়ে এসেছে। উনি বলেছেন যে, বাংলা লুট করার পর এবার দিল্লিও লুট করতে চান। এমনকি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে পদদলিত করে বিজেপি কর্মীদের উপর আক্রমণ থেকে মহিলা কর্মীদের উপর অত্যাচার কে লোকেরাই বর্তমানে রামলীলা ময়দানে কংগ্রেসের হাতে হাত মেলাচ্ছে বলে কটাক্ষ করেন বিজেপি নেত্রী।
আরও পড়ুনঃ ‘আজীবন মক পার্লামেন্টের থাকুন’, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে তীব্র কটাক্ষ অমিত শাহের
রবিবারের রামলীলা ময়দানে প্রতিবাদের সময় যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল সেই নিয়েও মন্তব্য করেন স্মৃতি। তিনি জানান, ১১৮ এর বেশি পুলিশকর্মী আহত হয়েছেন। বিরোধী দলনেতা নিজে এক মহিলা পুলিশকর্মীর গায়ে হাত তুলেছেন বলেও অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, ‘রেজিম চেঞ্জ’ এর ডাক দেওয়া হয়েছে। এমনকি বাংলা দেশে যেটা হয়েছে এখানেও তাই করা হবে এমন মনোভাব পোষণ করা হয়েছে।
শেষে অতীতের নির্বাচনে কংগ্রেসের হারের প্রসঙ্গে টেনে বিজেপি নেত্রী বলেন, SIR শুরুর অনেক আগেই ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে এক এক করে ৫৬টি বিধানসভা নির্বাচনে হেরেছে কংগ্রেস। এর জন্য দুর্বল নেতৃত্ব ও দুর্নীতিগ্রস্ত নেতারাই দায়ী। একইসাথে বিহারে ৩৬ বছর, উত্তরপ্রদেশে ৩৭ বছর, পশ্চিমবঙ্গে ৪০ বছর ও তামিলনাড়ুতে ৫৯ বছর ধরে ক্ষমতায় নেই কংগ্রেস বলেও জানান।












