বাংলাহান্ট ডেস্ক : টাকা ধার নিয়ে আর ফেরত দেননি, এমনই গুরুতর অভিযোগ উঠল অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করেছেন আরেক অভিনেতা তথা রাজনীতিবিদ শাহিদ ইমাম। তাঁর অভিযোগ, ৬৮ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সোহম। কিন্তু সেই টাকার সামান্যই ফেরত দিয়েছেন তিনি। এখন নাকি তাঁকে হুমকি দিচ্ছেন সোহম, অভিযোগ শাহিদের।
সোহমের (Soham Chakraborty) বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ
জানা গিয়েছে, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে সোহমকে ৬৮ লক্ষ টাকা ধার দেন শাহিদ। সেসময় তিনি ছিলেন তৃণমূলের যুবনেতা। ২০২৩ সালে এসএসসি কাণ্ডে গ্রেফতারির পর সংশোধনাগারে থাকার সময় টাকা ফেরত চাইতে পারেননি তিনি। জামিন পাওয়ার পর সোহমের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চান তিনি।

কী অভিযোগ উঠেছে: শাহিদের অভিযোগ, সে সময় দু দফায় ২৫ লক্ষ টাকা তাঁকে ফেরত দিয়েছিলেন সোহম। তারপর থেকে আর সাড়া পাওয়া যায়নি অভিনেতার। অভিযোগ, একাধিক বার টাকা ফেরত চাওয়ার পরেও তা ফেরত তো দেনইনি সোহম (Soham Chakraborty), উলটে নাকি ক্রমাগত হুমকি দিয়েছেন শাহিদকে। শেষমেশ তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির মামলা দায়ের করেন অভিযোগকারী। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরও পড়ুন : ১২ দিন তিহাড় জেলে কাটিয়ে অবশেষে জামিন রাজপাল যাদবের
কী জানালেন সোহম: এদিকে সোহমের দাবি, হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। টাকা ফেরত দেওয়ার কথা নাকি একাধিক বার জানিয়েছেন তিনি। অভিনেতা বিধায়ক বলেন, ২০২১ সালে ‘পাকা দেখা’ ছবির জন্য ৬৮ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। শাহিদের নাকি আরও টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি তা দেননি। পরে তাঁকে ২৫ লক্ষ টাকা শোধ করে দেন সোহম। তিনি বলেন, বাকি ৪৩ লক্ষ টাকাও মিটিয়ে দেবেন বলে জানিয়েছিলেন।
আরও পড়ুন : পারস্পরিক সম্মতিতে তৈরি সম্পর্ক ভাঙলেই ধর্ষণের নালিশ গ্রহণযোগ্য নয়, যুগান্তকারী রায় হাইকোর্টের
সোহমের কথায়, তাঁর কয়েকটি ছবি আটকে রয়েছে। উপরন্তু ব্যবসার অবস্থাও সকলেই জানেন। ছবি যদি মুক্তি না পায়, হাতে টাকা না আসলে তিনি ফেরত দেবেন কীভাবে? তবে তিনি এও জানিয়ে দিয়েছেন, তাঁর আইনজীবী বিষয়টি দেখছেন। শাহিদ আইনি পথে হাঁটলে তিনিও তাই করবেন। একইসঙ্গে সোহমের দাবি, নির্বাচনের আগে তাঁর গায়ে কালি ছেটানোর চেষ্টা চলছে।












