বাংলা হান্ট ডেস্কঃ প্রায় বিদায়ের পথে শীত। বসন্তের আমেজ ধীরে ধীরে টের পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু মরশুম বদলের মুখে আবহাওয়া ফের একবার চমক দিতে চলেছে। উত্তুরে হাওয়ার দাপটে সপ্তাহান্তে তাপমাত্রা আবার কিছুটা নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের হালকা প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather Update
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা আরও কমতে চলেছে। রবিবারের মধ্যে কলকাতা-সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম থাকবে। ফলে সকালের দিকে এবং রাতের বেলায় শীতের হালকা আমেজ আবার অনুভূত হবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে।
তাপমাত্রা কমার পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
কলকাতার আবহাওয়াতেও (Kolkata Weather) শীতের শেষ লগ্নে সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে। বর্তমানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহান্তে মহানগরের পারদ আরও কিছুটা নামতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। ফলে ভোর ও রাতের দিকে আবার শীতের অনুভূতি ফিরতে পারে কলকাতায়। শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও (North Bengal Weather) কুয়াশা নিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। কিছু এলাকায় দৃশ্যমানতা কমে ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে আগামী চার থেকে পাঁচ দিন এই অঞ্চলের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৬ ফেব্রুয়ারি, প্রতিটি ক্ষেত্রে উন্নতি এই চার রাশির
সবশেষে বলা যায়, সামগ্রিকভাবে রাজ্যের আবহাওয়া আপাতত শান্তই থাকবে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা সামান্য কমে ভোর ও রাতের দিকে ঠান্ডার আমেজ ফিরলেও শীতের তীব্রতা আর বাড়বে না। সকালের দিকে কিছু জেলায় কুয়াশার প্রভাব থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে, তবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে শীতের শেষ পর্বে হালকা পরিবর্তন দেখা গেলেও ধীরে ধীরে বসন্তের পথেই এগোচ্ছে বাংলা।












