শর্মিষ্ঠার অপেক্ষায় রায় পরিবার, ১২ দিন পর শুভ্রাংশুর DP-তে সাদা-কালো ছবি ঘিরে বাড়ছে উৎকণ্ঠা

Published on:

Published on:

Speculations over Shubhranshu's black-and-white photo with Sarmistha Roy
Follow

বাংলা হান্ট ডেস্ক : নেপালের হড়পা বানে পর প্রায় দুসপ্তাহ অভিবাহিত, তবু কাটছে না অপেক্ষা। বীজপুরের প্রাক্তন বিধায়ক মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা রায়ের (Sarmistha Roy) এখনও কোনও সন্ধান নেই। নেপালে হড়পা বান ও প্রবল বৃষ্টির পর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসনের বিভিন্ন স্তরে খোঁজখবর চালানো হলেও এখনও পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

এখনও নিখোঁজ শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা (Sarmistha Roy)

শর্মিষ্ঠার সন্ধানে ইতিমধ্যেই একাধিক দিক থেকে চেষ্টা চালানো হয়েছে। পরিবারের তরফে স্থানীয় পুলিশ থেকে শুরু করে ভবানী ভবন এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গেও সমন্বয় রেখে অনুসন্ধান চলছে। বিপর্যস্ত এলাকায় ভারতীয় নাগরিকদের শনাক্ত করার কাজও চলছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কয়েকটি অজ্ঞাতপরিচয় দেহের পরিচয় নিশ্চিত করতে হাসপাতালের মাধ্যমে পরিবারের তরফে DNA নমুনা দেওয়া হয়েছে। কিন্তু সেই পরীক্ষার ফল এখনও প্রকাশ্যে আসেনি। ফলে শর্মিষ্ঠার বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর মতো নিশ্চিত তথ্যও পরিবারের হাতে নেই। এদিকে শুভ্রাংশুর সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে স্ত্রীকে পাশে নিয়ে তোলা একটি সাদা-কালো ছবি আপলোড করেন শুভ্রাংশু। কোনও ব্যাখ্যা না থাকলেও এমন পরিস্থিতিতে ওই ছবি দেখে ঘনিষ্ঠজন এবং শুভানুধ্যায়ীদের একাংশের মধ্যে অশুভ আশঙ্কা তৈরি হয়েছে। তবে ছবিটির মাধ্যমে ঠিক কী বার্তা দিতে চেয়েছেন শুভ্রাংশু, সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত ২১ আগস্ট হাওড়ার একটি পর্যটন সংস্থার মাধ্যমে আয়োজিত দলের সঙ্গে সে দেশে গিয়েছিলেন শর্মিষ্ঠা। সফরের সময় স্বামীর সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন তিনি। ২৫ আগস্ট রাতেও তাঁদের কথা হয়। পরদিন সকালেই নেপালে হড়পা বান আসে, তারপর থেকে আর শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে দেখা করতে কাঁচরাপাড়ার বাড়িতে যান তৃণমূলের একাধিক নেতা। তারা শুভ্রাংশু ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁদের পাশে থাকার বার্তাও দেওয়া হয়।

Speculations over Shubhranshu's black-and-white photo with Sarmistha Roy

আরও পড়ুন :অন্নপূর্ণা দিবসে ১০ হাজারের জমায়েত, থাকছে বিশেষ ব্যবস্থা, পুলিশ কমিশনারের কাছে চিঠি

উল্লেখ্য, প্রায় ১২ দিন ধরে কোনও সন্ধান না মেলায় স্বাভাবিকভাবেই উৎকণ্ঠার মাত্রা বাড়ছে পরিবারের মধ্যে। শর্মিষ্ঠা কোথায়, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। উদ্ধারকারী সংস্থা ও প্রশাসনের অনুসন্ধান থেকে কোনও নির্ভরযোগ্য তথ্য সামনে আসার অপেক্ষাতেই এখন দিন গুনছেন শুভ্রাংশু ও তাঁর পরিজনরা।