নামমাত্র বেতন বৃদ্ধ, SSK-MSK শিক্ষকদের বেতন কাঠামোয় ক্ষোভে ফুঁসছেন রাজ্যের ৪০ হাজার কর্মী

Published on:

Published on:

SSK MSK Salary Hike Update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই রাজ্যের এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য বেতন (SSK MSK Salary) বৃদ্ধির ঘোষণা করল স্কুল শিক্ষা দপ্তর। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে ৩ শতাংশ হারে বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বাড়তি বেতন আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে এই ঘোষণায় খুশির বদলে ক্ষোভই বেশি দেখা যাচ্ছে শিক্ষক মহলে।

স্কুল শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শিশু শিক্ষা কেন্দ্র (SSK) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (MSK) শিক্ষকদের বেতন (SSK MSK Salary) ৩ শতাংশ বাড়ানো হয়েছে। এই নতুন বেতন কাঠামো ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। সরকারের পক্ষ থেকে এটিকে বেতন বৃদ্ধি বলা হলেও, শিক্ষকদের একাংশের দাবি, এই বাড়তি টাকা খুবই সামান্য।

কত টাকা বাড়ল বেতন (SSK MSK Salary)?

পদ অনুযায়ী বেতন বৃদ্ধির পরিমাণ নিচে দেওয়া হল।

সহায়ক বা সহায়িকা (SSK): বেতন বেড়েছে মাত্র ৩৪৮ টাকা। নতুন বেতন ১১,৯৪১ টাকা।

সম্প্রসারক বা সম্প্রসারিকা (MSK): বেতন বেড়েছে ৪৩৯ টাকা। নতুন বেতন ১৫,০৭১ টাকা।

মুখ্য সহায়ক বা সহায়িকা (SSK): বেতন বেড়েছে ৪৮৭ টাকা। নতুন বেতন ১৬,৭১৮ টাকা।

সিনিয়র সম্প্রসারক বা সম্প্রসারিকা (MSK): বেতন বেড়েছে ৪৫২ টাকা। নতুন বেতন ১৫,৫২৩ টাকা।

কেন খুশি নন শিক্ষকরা?

শিক্ষকদের মতে, বর্তমান বাজারদরের তুলনায় এই বেতন (SSK MSK Salary) বৃদ্ধি কার্যত কোনও কাজে আসবে না। দৈনন্দিন খরচ, সংসার চালানো বা পরিবারের প্রয়োজন মেটাতে এই বাড়তি কয়েকশো টাকার কোনও বড় প্রভাব পড়বে না। এক শিক্ষক বলেন, “আমরা বছরের পর বছর ধরে গ্রামের পিছিয়ে পড়া শিশুদের পড়াচ্ছি। অথচ আমাদের বেতন আজও সম্মানজনক পর্যায়ে পৌঁছল না।”

রাজ্যে কতজন শিক্ষক কাজ করেন?

রাজ্যে বর্তমানে প্রায় ১৬ হাজার শিশু শিক্ষা কেন্দ্র (SSK) এবং প্রায় দেড় হাজার মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (MSK) রয়েছে। এই কেন্দ্রগুলিতে কাজ করছেন প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা। মূলত গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার শিশুদের শিক্ষার দায়িত্ব তাঁদের কাঁধেই।

২০১৮ সালের প্রতিশ্রুতি কী ছিল?

উল্লেখ্য, দীর্ঘ আন্দোলনের পর ২০১৮ সালে এসএসকে ও এমএসকে শিক্ষকদের পঞ্চায়েত দপ্তরের অধীন থেকে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আনা হয়। তখন রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, অবসর নেওয়ার পর এককালীন ৫ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট ও প্রতি বছর ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে। এবার সেই বাৎসরিক বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তিই প্রকাশ করা হল।

teachers(4)

আরও পড়ুনঃ SIR বিতর্কে বড় সিদ্ধান্ত! ভোটার তালিকা সংশোধনের সময় বাড়াল নির্বাচন কমিশন

যদিও বেতন (SSK MSK Salary) বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হয়েছে, তবু শিক্ষকদের অসন্তোষ কমেনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ফোরামে এই সামান্য বেতন বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। শিক্ষকদের দাবি, বর্তমান সময়ের সঙ্গে মানানসই একটি স্থায়ী ও সম্মানজনক বেতন কাঠামো তৈরি করা হোক। না হলে আগামী দিনে আবার আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন এসএসকে ও এমএসকে শিক্ষকরা।