বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মিটলেই ফের বাজবে ভোটের দামামা। ইতিমধ্যেই কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)। এবার পুরভোটে কাদের প্রার্থী করা হবে সেই নিয়ে বড় আপডেট দিলেন পুরভোটে কলকাতার ইনচার্জ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খোলেন তিনি।
পুরভোটে প্রার্থী নির্বাচন নিয়ে বড় আপডেট দিলেন সুকান্ত | (Sukanta Majumdar)
বিধানসভা ভোটে বাজিমাতের পর কলকাতা ও হাওড়া পুরনিগম দখল করতে মরিয়া পদ্ম শিবির। সেই লক্ষ্যে সফল হতে ভোটে জেতার ক্ষমতা রাখেন এমন প্রার্থীদের টিকিট দেওয়া হবে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার পেমেন্ট স্ট্যাটাসে N/A দেখানোর মানে কী? আবেদনকারীদের কী করতে হবে জানুন
বিজেপি সাংসদ বলেন, “দলের সঙ্গে কে কতদিন ধরে যুক্ত, কে সাংগঠনিকভাবে দক্ষ, সেসব এভাবে বিচার্য নয়। সংগঠনের কোনও পদের ক্ষেত্রে এটা বিবেচ্য। ভোটের জন্য একটাই বিষয় দেখা হবে। যিনি জিততে পারবেন, তিনিই টিকিট পাবেন। সেসব ব্যক্তিদের জেতার চান্স কতটা, জনপ্রিয়তা কতখানি, এসব খতিয়ে দেখে প্রার্থী ঠিক করা হবে।“
তাহলে কি আসন্ন পুরভোটে ‘নব্য বিজেপি’দেরও টিকিট পাওয়ার চান্স রয়েছে? এই প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, “এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর কারা নব্য বিজেপি? বিজেপি তো কাউকে যোগদান করায়নি। এখন কেউ যদি নিজেকে বিজেপি নেতা মনে করে, তাহলে তো কিছু করার নেই।“

দুর্গাপুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরনিগমে ভোট। ইতিমধ্যেই দুই জায়গাতেই নির্বাচনী ইনচার্জ নিয়োগ করেছে রাজ্যের শাসক শিবির। কলকাতায় সুকান্ত মজুমদার ও হাওড়ায় রাহুল সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জোরকদমে নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছেন তাঁরা। ঘনঘন সভা, বৈঠক, জনসংযোগ চলছে।
কয়েকদিন আগেই কলকাতার পুরভোটে বিজেপির ভালো ফলাফল নিয়ে সুকান্তের গলায় আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, ২০২৬ বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে ১৪৪টি ওয়ার্ডের হিসেবে ১০১টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। যদি ২০৯টি আসন হয়, তাহলে সহজেই ১৭০ থেকে ১৮০টি আসনে জয়ী হবে দল। এবার প্রার্থী নির্বাচন নিয়েও বড় আপডেট দিয়ে দিলেন তিনি।













