বাংলা হান্ট ডেস্ক : ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবিতে দায়ের হওয়া মামলাকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supereme Court)। ভোটের ফল ঘোষণার দিনেই এই মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।
কী বলছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ?
আবেদনকারী পক্ষ ভোট পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার আর্জি জানায়।
সেই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। তবে সোমবার, অর্থাৎ ভোট গণনার দিনেই, সেই আর্জি নাকচ করে দেয় শীর্ষ আদালত। অতীতে রাজ্যে একাধিক নির্বাচনের পর হিংসা ও অশান্তির অভিযোগ সামনে এসেছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন এলাকায় উত্তেজনার ঘটনাও উঠে এসেছিল। সেই প্রেক্ষাপট তুলে ধরেই এই মামলা দায়ের করা হয় বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে। মামলাকারী পক্ষের আইনজীবী ভি গিরি আদালতের কাছে দ্রুত শুনানির আবেদন জানান। অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে সাফ জানান যে, ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেলে কমিশনের আর কোনও দায়িত্ব থাকে না।
এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট দ্রুত শুনানির আবেদন খারিজ করে। এই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, “রাজনৈতিক কার্যনির্বাহীরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রাজ্যকে আদালতের দ্বারা নয়, রাজনৈতিক কার্যনির্বাহীদের দ্বারাই চলতে দিন।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত একটি মামলা আগেই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী ১১ মে সেই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বর্তমান মামলাটি আলাদা করে দ্রুত শোনা না হলেও, এসআইআর সংক্রান্ত মূল মামলার শুনানির সঙ্গেই এটি বিবেচনা করা হতে পারে।
আরও পড়ুন : জিতলে বাবরি মসজিদ বানাব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার জয়ের আভাস পেয়ে কী বললেন হুমায়ুন?
দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়ায় আপাতত বিষয়টি রাজনৈতিক স্তরেই সমাধানের দিকে এগোবে বলেই ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। এখন দেখার, আগামী দিনে এই ইস্যুতে প্রশাসন ও রাজনৈতিক মহল কী পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।













