‘ওর এখন উচিত….’ দলে জায়গা হারিয়েও শ্রেয়সকে পরামর্শ বিশ্বজয়ী ক্যাপ্টেন সূর্যকুমারের!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৬ সালে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল (Indian Cricket Team) টানা দ্বিতীয়বারের মতো খেতাব জয় করেছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ঘরের মাটিতে এই খেতাব জয়ের পর এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল হয়ে উঠেছে ভারত। কিন্তু তারপরেই দল নির্বাচনে বড় চমক দিয়েছে বিসিসিআই (BCCI)। বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমারকে আসন্ন সিরিজগুলির জন্য ছেঁটে ফেলে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) হাতে।

দীর্ঘদিন ধরে ভারতের টি-টোয়েন্টি দলে শ্রেয়সকে সুযোগ দেয়নি বিসিসিআই। তাকে শুধুমাত্র ওডিআই ফরম্যাটে নিয়মিত খেলতে দিচ্ছিলেন আগারকাররা। কিন্তু ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করার পর এখন তাকে সরাসরি দলে এনে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন যুগ শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটে শ্রেয়সের হাত ধরেই।

অপরদিকে দল জয় পেলেও একেবারেই নিজের চেনা ছন্দের ধারে কাছে ছিলেন না সূর্যকুমার। ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলের বেশিরভাগ অংশে ফর্ম হাতড়ে বেরিয়েছিলেন তিনি। ফলে দলের স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিসিআইকে। অনেকেই মনে করছেন এরপর তার পক্ষে ভারতীয় দলে প্রত্যাবর্তন করাও একপ্রকার অসম্ভব।

আরও পড়ুন: সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত! ফাঁস করলেন আসল কারণ

তবু শ্রেয়সকে ভবিষ্যতের জন্য শুভকামনাই জানিয়েছেন স্কাই। দুজনেই দীর্ঘদিন মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে একসাথে খেলেছেন। শ্রেয়সকে উদ্দেশ্যে করে সূর্যকুমার বলেছেন, “শ্রেয়স আর আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। ১২-১৩ বছর তো কম সময় নয়। এই মুহূর্তে শ্রেয়সই সেরা ব্যক্তি হিসেবে অধিনায়কত্ব সামলাবে। দলের ছেলেরা ওর প্রতি ইতিবাচক মনোভাব রাখবে, কারণ ও খেলোয়াড়দের মন ভালো বোঝে। আমি ওর জন্য শুভকামনা জানাই; ওকে বলেছি—যেমন আছ তেমনই থেকো আর সময়টা উপভোগ করো। তুমি সত্যিই খুব ভালো কাজ করছ।”

আরও পড়ুন: আরও এক অনন্য রেকর্ড অধিনায়ক শুভমান গিলের! পেছনে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিকে

তবে নিজের অধিনায়ক পদ এবং দলে জায়গা হারানোর পর ব্যাট হাতে জ্বলে উঠেছেন সূর্যকুমার। এর আগে মুম্বাই টি-টোয়েন্টি লিগ খেলতে নেমে সেখানেও ব্যর্থ হচ্ছিলেন স্কাই। কিন্তু ৬ ও ৮ই জুন পরপর দুই ম্যাচে বিস্ফোরক ইনিংস দেখা গিয়েছে তার ব্যাট থেকে। ৬ তারিখে ২৪ বলে ৪৮ এবং গতকাল ৩৬ বলে ৭২ রানের ইনিংস খেলে নিন্দুকদের জবাব দিয়েছেন তিনি।