বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্পের টাকা যাতে কোনও অযোগ্য না পায় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। যারা ‘অন্য উপায়ে’ টাকা পেয়েছেন, তাঁদের তা ফেরত করতে হবে। এবার স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘জেলে যেতে হবে’ বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
‘অযোগ্য’দের জন্য কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
বৃহস্পতিবার ভূতনিতে বন্যা দুর্গতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই পিএম আবাস যোজনা (PM Awas Yojana) নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। তৃণমূলের মিথ্যা প্রচারের প্রসঙ্গ টেনে বলেন, “আপনাদের বলেছিল না, বিজেপি ক্ষমতায় এলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না? আমরা হিন্দু-মুসলিম বেছে টাকা দিইনি। যারা ঘর করেছেন, তাঁদের সবাইকে টাকা দিয়েছি।“
আরও পড়ুনঃ চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার! পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কারা পাবেন? যোগ্যতা জানুন
শুভেন্দু বলেন, “আগের সরকার ৬৭,১১৩ জনকে প্রথম কিস্তি দিয়েছিল। আমরা ভেরিফিকেশনের পর ৫৬,৭৬০টি পরিবারকে দ্বিতীয় কিস্তি দিয়েছি।“
আবাস যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রে কোনও রকম ভেদাভেদ হয়নি। যারা ঘর করেছেন, তাঁদের সবাইকে টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে যারা বেআইনিভাবে প্রকল্পে নাম তুলেছেন, তাঁদের সবার থেকে টাকা আদায় করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “টাকা ফেরত করতে হবে। জেলেও যেতে হবে। ভাববেন না পাঁচ মাস পেরিয়ে গিয়েছে বলে ভুলে গিয়েছি। জেলের ভিতরে ঢোকাব।“ পাশাপাশি বলেন, মালদহ জেলায় আরও ৩,১৪,৬০২টি ঘর তৈরি করা হবে।
অন্নপূর্ণা যোজনা, কৃষক বন্ধু, আবাস যোজনা সহ কোনও সরকারি প্রকল্পের সুবিধা যাতে কোনও অযোগ্য না পায়, তা নিশ্চিত করতে কড়াকড়ি শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এমনকি কেউ বেআইনিভাবে প্রকল্পে নাম তুললেও টাকা ফেরত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।













