বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক নাবালিকার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শনিবার থেকে নিখোঁজ থাকা ওই কিশোরীর দেহ রবিবার একটি পুকুর থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে খুন করা হয়েছে। ঘটনার পর এলাকায় বিক্ষোভ শুরু হয়। পুলিশ তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন।
বারুইপুর কাণ্ডে কড়া অবস্থান শুভেন্দু (Suvendu Adhikari) সরকারের
পরিবারের দাবি, শনিবার বিকেলে খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপর থেকেই তার খোঁজ মিলছিল না। অনেক খোঁজাখুঁজির পর রবিবার বাড়ির কাছের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কিছু সময়ের জন্য শিয়ালদহ-নামখানা শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। এরপরই রাতের মধ্যে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নাবালিকার উপর অত্যাচারের ইঙ্গিত মিলেছে বলে জানা গিয়েছে। ঘটনার আসল সত্য সামনে আনতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
তদন্তে নেমে রবিবার রাতেই দু’জনকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আরও একজনকে ধরা হয়। পরে জানা যায়, ঘটনার মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার ধৃতদের আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তদন্তকারীরা এখন ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, বারুইপুরের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তিনি জানান, মৃতার পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং পরিবার যে ধরনের বিচার চাইছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও বলেন, অপরাধীদের যেমন ছাড়া হবে না, তেমনই বিক্ষোভের নামে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও বারুইপুরে যেতে দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন মেনে যে কেউ সেখানে যেতে পারবেন।

আরও পড়ুনঃ একটু বৃষ্টিতেই ডুবে যাওয়ার দশা! অতিষ্ঠ হয়ে হাইকোর্টের দ্বারস্থ হাওড়ার বাসিন্দারা
ঘটনার জেরে অভিযুক্ত সন্দেহে গণপিটুনির একটি ঘটনাও ঘটেছে, যেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই ঘটনাতেও আলাদা করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে (Suvendu Adhikari)।













