বাংলা হান্ট ডেস্ক : এবারের বিধানসভা নির্বাচনে (Assembly Election) ভবানীপুর কেন্দ্র (Bhawanipur) নিয়ে টানটান উত্তেজনা। গণনার আগে স্ট্রংরুমকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের দ্বন্দ আরও স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্ট্রংরুমে উপস্থিতি নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। ভবানীপুরে স্ট্রংরুমে মমতার দীর্ঘক্ষণ থাকার ঘটনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে শুভেন্দুর (Suvendu Adhikari)
শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন শুভেন্দু। অরফ্যানগঞ্জে দলীয় কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা। তার আগে গণনাকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পরিকল্পনাও রয়েছে তাঁর। দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত স্ট্রংরুমে বৃহস্পতিবার গভীর রাতে প্রায় চার ঘণ্টা অবস্থান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, তিনি স্ট্রংরুম ‘পাহারা’ দিয়েছেন। তবে বাইরে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান শুভেন্দু। তাঁর দাবি, স্ট্রংরুমে ‘কোনও নিয়ম বহির্ভূত কাজ’ করতে পারেননি মমতা। একই সঙ্গে তিনি জানান, তাঁর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস পুরো সময় মমতার উপর নজরদারি চালিয়েছিলেন।
সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী দায়িত্বে থাকা নেতাদের নিয়ে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন শুভেন্দু। যদিও বিজেপির তরফে এটিকে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক বৈঠক বলা হচ্ছে। তবুও স্ট্রংরুমের নিরাপত্তা, নজরদারি ব্যবস্থা এবং মমতার উপস্থিতি—এই বিষয়গুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। বিকেল ৫টায় শুভেন্দুর সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যাওয়ার কথা। পরে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। সবশেষে অরফ্যানগঞ্জে কর্মীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

আরও পড়ুন : রেডি রাখুন ছাতা! কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও
এদিকে, ভোট পরবর্তী বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। সেই প্রেক্ষিতে মমতা ফেসবুকে একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, বিজেপি অর্থের বিনিময়ে এই সমীক্ষাগুলি প্রচার করিয়েছে। এরপর তিনি দলীয় কর্মীদের স্ট্রংরুমে কড়া নজরদারির নির্দেশ দেন। পাল্টা, শুভেন্দুর দলও গণনার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। গণনার আগে ভবানীপুরে রাজনৈতিক স্নায়ুযুদ্ধ তীব্র হচ্ছে। স্ট্রংরুমকে ঘিরে এই টানাপোড়েন শেষ পর্যন্ত কার ভাগ্যে শিঁকে ছিঁড়বে তা জানার অপেক্ষা এখন।












