বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। জানা গিয়েছে, মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে রাজ্যের টোল ফ্রি হেল্পলাইন নম্বর।
দুর্নীতির বিরুদ্ধে সর্বদা কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী | (Suvendu Adhikari)
রাজ্যের আগের সরকারের আমলে বিভিন্ন সরকারি পরিষেবা, নির্মাণকাজ থেকে শুরু করে উন্নয়নমূলক প্রকল্প, নানা ক্ষেত্রে কাটমানি, সিন্ডিকেটের অভিযোগ সামনে এসেছে। খোদ মুখ্যমন্ত্রীর মুখে বহুবার একথা শোনা গিয়েছে। তবে ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতি বদলাতে তৎপর হয়ে উঠেছেন তিনি।
আরও পড়ুনঃ ছাত্র-ছাত্রীদের ‘সারথি’ সাইকেল দিচ্ছে রাজ্য সরকার, কবে, কীভাবে মিলবে?
ইতিমধ্যেই সরকারি প্রকল্পে ঘুষ, কাটমানি, সিন্ডিকেটরাজ ও সরকারি পরিষেবা পেতে আমজনতার হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন শুভেন্দু। এবার সেই লক্ষ্যেই আনুষ্ঠানিকভাবে রাজ্যের টোল ফ্রি হেল্পলাইন নম্বর শুরু হতে চলেছে বলে খবর।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই হেল্পলাইন নম্বরে ফোন করে রাজ্যের যে কোনও মানুষ কাটমানি, সিন্ডিকেট, দুর্নীতি অথবা সরকারি পরিষেবা সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানাতে পারবেন। সরাসরি রাজ্য সরকারের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে পারবেন তাঁরা। এরপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।

১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপর থেকে বহুবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেছে নতুন রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রীর মুখেও একাধিকবার একথা শোনা গিয়েছে।
সম্প্রতি ঘুষের দাবি ও হয়রানির অভিযোগে দু’জন মোটর ভেহিক্যাল ইনস্পেক্টরকে সাসপেন্ড করেছে রাজ্য পরিবহণ দফতর। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানান, ওই দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিকেলে তাঁর কাছে অভিযোগ এসেছিল, রাতেই তাঁদের সাসপেন্ড করা হয়। এরপরেও যদি কাউকে এই ধরণের কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা যায় তাহলে তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।













