বাংলা হান্ট ডেস্ক: জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের (TMC) প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। স্বপ্না বর্মন (Swapna Barman)নাকি খগেশ্বর রায়—এই প্রশ্নের উত্তর মিলছে না, অথচ মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় একেবারে দোরগোড়ায়। আগামী সোমবারই মনোনয়নপত্র জমা (Assembly Election) দেওয়ার শেষ দিন।
স্বপ্নার (Swapna Barman) তৃণমূল প্রার্থীপদে কাঁটা
সূত্রের খবর, রেলের তরফে প্রয়োজনীয় নথিপত্র সময়মতো না এলে তৃণমূলের প্রাক্তন প্রার্থী তথা চারবারের বিধায়ক খগেশ্বর রায়কেই আবার ওই কেন্দ্রের প্রার্থী করা হতে পারে। দলীয়ভাবে তাঁকে আগেভাগেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। অতীতে এমন পরিস্থিতির নজিরও রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে বিজেপি মুকুটমণি অধিকারীকে প্রার্থী করলেও চাকরির সমস্যায় তিনি আটকে যান। পরে জগন্নাথ সরকারকে প্রার্থী করা হয় এবং তিনি জয়লাভ করেন।একইভাবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশিস ধরও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে মনোনয়ন বাতিল হয়।
রাজগঞ্জ কেন্দ্র বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ বার সেই এলাকার নেতা খগেশ্বর রায়কে সরিয়ে অ্যাথলিট স্বপ্না বর্মনকে প্রার্থী করা হয়। তবে শুরু থেকেই এই সিদ্ধান্ত ঘিরে জটিলতা তৈরি হয়। নাম বাদ পড়ায় বিরক্ত হন খগেশ্বর, টানা কয়েক দিন বিক্ষোভও চলে। পরে অবশ্য পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং তিনি দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নামতেও সম্মত হন।
এরই মধ্যে স্বপ্নার চাকরি সংক্রান্ত সমস্যাও সামনে আসে। নিয়ম মেনে পদত্যাগ না করায় ভারতীয় রেল তাঁর রিলিজ অর্ডার আটকে দেয়। বিষয়টি আদালতে গড়ায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আলিপুরদুয়ার ডিভিশন তাঁকে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদ থেকে বরখাস্ত করে। ৩০ মার্চ তাঁকে ‘নো ডিউস সার্টিফিকেট’ দেওয়া হয়।

আরও পড়ুন : এপ্রিলে যুবসাথীর টাকা বিতরণ নিয়ে প্রশ্ন, কারা পেতে পারেন আগে জানুন
শনিবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা থাকলেও ফর্ম পূরণের সময় নতুন জটিলতা সামনে আসে। মনোনয়নপত্রের ২বি ফর্মের ৬ নম্বর অনুচ্ছেদে জানতে চাওয়া হয়, সরকারি চাকরিতে থাকাকালীন কোনও দুর্নীতি, অসাধুতা বা আনুগত্যহীনতার কারণে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন কি না। যদি উত্তর হ্যাঁ হয়, তবে বিস্তারিত কারণ উল্লেখ করাও বাধ্যতামূলক।জনপ্রতিনিধিত্ব আইনের ৫১ নম্বর ধারার ৯ নম্বর উপধারা অনুযায়ী নির্বাচন কমিশনের অনুমোদনপত্র জমা দেওয়াও প্রয়োজন। কিন্তু সেই অনুমোদনপত্র এখনও জোগাড় করতে পারেননি স্বপ্না (Swapna Barman)। তাই দলের তরফে খগেশ্বর রায়কে প্রস্তুত রাখা হয়েছে।











